কোরিয়ার কাছে হেরে মিশন শুরু করল বাংলাদেশ
- আপডেট সময় : ১২:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 8
এশিয়ান গেমসে পুরুষ হকিতে বাংলাদেশের শুরুটা হলো বড় হারে। পুল ‘এ’-এর প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দুই কোয়ার্টারে লড়াই করলেও পরের দুই কোয়ার্টারে কোরিয়ার আক্রমণের সামনে আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের দল।
ম্যাচের শুরুতে অবশ্য প্রতিপক্ষকে বেশ ভালোভাবেই সামলেছে বাংলাদেশ। প্রথম ২০ মিনিটে কোরিয়ার একের পর এক আক্রমণ ঠেকিয়ে গোলমুখ অক্ষত রাখেন রোমান সরকাররা। তবে দ্বিতীয় কোয়ার্টারে বদলে যায় ম্যাচের চিত্র। ২১তম মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দক্ষিণ কোরিয়া।
প্রথমে ফিল্ড গোল করে কোরিয়াকে এগিয়ে দেন বে সং মিন। পরের আক্রমণেই ব্যবধান দ্বিগুণ করেন ও সেয়ং। দ্রুত দুই গোল হজম করে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ ২-০ ব্যবধানে পিছিয়ে।
বিরতির পরও বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখে কোরিয়া। তৃতীয় কোয়ার্টারের ৩০তম মিনিটে লি গ্যাংসান ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান। এর দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুনের গোলে ৪-০ হয়ে যায় ম্যাচের স্কোরলাইন।
শেষ কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বাংলাদেশ। ব্যবধান কমানোর জন্য আক্রমণেও ওঠে তারা। কিন্তু কোরিয়ার জমাট রক্ষণ ভেদ করে গোলের দেখা মেলেনি। বরং ম্যাচের শেষ দিকে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠায় কোরিয়া। ৫৮তম মিনিটে সিম জেওনের ফিল্ড গোলে ৫-০ হয় স্কোরলাইন।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে পাঁচ গোলের হার নিশ্চিত হয় বাংলাদেশের। কোরিয়ার পাঁচ গোলের চারটিই এসেছে ফিল্ড গোল থেকে, অন্যটি পেনাল্টি কর্নার থেকে।
এশিয়ান গেমসে বাংলাদেশের পরের পরীক্ষা জাপানের বিপক্ষে। আগামী ২২ সেপ্টেম্বর স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।


























বাজারে আটা-ময়দার দাম বাড়তি, চড়া মুরগি-ডিম-মাছ