‘শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেয়া হয়েছে’

- আপডেট সময় : ০৪:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 1
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় নিতাই রায় চৌধুরী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে চিঠিও দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ একটি পলাতক শক্তি। বিগত সরকারের সময়ে দেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের চেষ্টা করছে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে বিএনপি তা কঠোরভাবে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান মন্ত্রী।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ, পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল।
এছাড়াও পুলিশ বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কাবাডি চ্যাম্পিয়নশিপে জেলার চার উপজেলার ৪টি নারী দল ও ৪টি পুরুষ দলসহ মোট ৮টি দল অংশ নেয়।





















