কুমিল্লায় পরীক্ষাকেন্দ্রে পানি: সিটি প্রশাসককে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- আপডেট সময় : ০১:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 63
কুমিল্লা নগরীতে বৃষ্টির পানিতে নিমজ্জিত কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু গতকাল (২৯ এপ্রিল) বুধবার দুপুরে নগরীর ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে কুসিক প্রশাসক জানান, প্রধানমন্ত্রী বুধবার সকালে তাকে সরাসরি ফোন করে ঈশ্বর পাঠশালা কেন্দ্রের খোঁজখবর নেন এবং কেন্দ্রটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া নগরীর অন্য সব পরীক্ষাকেন্দ্রের জলমগ্নতা দূর করে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে সিটি করপোরেশনের কর্মকর্তারা জলাবদ্ধতার কারণ শনাক্ত করে সন্ধ্যা পর্যন্ত সংস্কার কাজ চালিয়েছেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্থায়ী সমাধানের জন্য ইতিমধ্যে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার মাত্র সোয়া এক ঘণ্টার ভারী বৃষ্টিপাতে কুমিল্লা নগরীতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কক্ষগুলোতে পানি ঢুকে পড়লে পরীক্ষার্থীরা বেঞ্চের ওপর পা তুলে পরীক্ষা দিতে বাধ্য হয়।
একইভাবে দায়িত্বরত শিক্ষকরাও চেয়ারে পা তুলে বসে থাকতে দেখা যায়। গণমাধ্যমে এই চিত্র উঠে আসার পর প্রধানমন্ত্রী দ্রুত হস্তক্ষেপে নির্দেশ দেন। আবহাওয়া অফিসের তথ্যমতে, কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী আরও দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




















নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী