পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে: নরেন্দ্র মোদি

- আপডেট সময় : ১০:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 57
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পথে রয়েছে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টিতে ভোট গণনার প্রাথমিক ফলাফলে এই চিত্র উঠে এসেছে। সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বিজেপি ২০৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মাত্র ৮২টি আসনে, যা তাদের গতবারের তুলনায় ১৩২টি আসন কম।
তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে এমন ভূমিধস জয়ের আভাস পেয়ে পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একে জনগণের জয় হিসেবে অভিহিত করে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়যুক্ত হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে মাথা নত করছি।’
বিজেপিকে অভূতপূর্ব ম্যান্ডেট দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি আশ্বস্ত করছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সম্ভাব্য সবটুকুই করবে। আমরা এমন একটি সরকার উপহার দেব যা সমাজের প্রতিটি স্তরের মানুষের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করবে।’
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো বিপুল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকলেও, ফল ঘোষণায় দেখা যাচ্ছে রাজ্যটির অধিকাংশ মানুষ বিজেপির পক্ষেই রায় দিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।























