জাতীয় দল থেকে ছিটকে গেলেন কোহলি

- আপডেট সময় : ০৩:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / 55
দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল জেতার পর হ্যামস্ট্রিংয়ের চোটে আফগানিস্তানের বিপক্ষে সামনের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বিরাট কোহলি। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি ওপেনার ইয়াশাসবি জয়সওয়াল।
মুম্বাইয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে কোহলির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। তবে আগামী জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগেই কোহলি সুস্থ হয়ে উঠতে পারেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
“আইপিএলের ফাইনালে বিরাট কোহলি চোট পাওয়ার পর এখনও এক সপ্তাহও হয়নি। তার ফেরার নির্দিষ্ট সময়সীমা এই মুহূর্তে জানা নেই। তবে ইংল্যান্ড সিরিজের আগে ফিট হওয়ার সম্ভাবনা আছে। যদিও এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
গত মাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা জয়ের অভিযানে হ্যামস্ট্রিংয়ে চোট পান কোহলি।
বর্তমানে ভারতের হয়ে তিনি শুধু ওয়ানডে ক্রিকেট খেলেন। টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সর্বশেষ জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন তিনি।
সেই সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ ২৪০ রান করেছিলেন কোহলি। তিন ম্যাচে তার গড় ছিল ৮০, স্ট্রাইক রেট ১০৫.২৬। পরে আইপিএলেও দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। ৬৭৫ রান করে টুর্নামেন্ট শেষ করেন ৫৬.২৫ গড়ে, স্ট্রাইক রেট ছিল ১৬৫.৮৪- যা তার আইপিএল ক্যারিয়ারের সেরা।
তার পারফরম্যান্সে ভর করেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বেঙ্গালুরু।
কোহলির জায়গায় সুযোগ পাওয়া জয়সওয়াল এখন পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছেন ভারতের হয়ে। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনমে নিজের সর্বশেষ ওয়ানডেতে অপরাজিত ১১৬ রান করেছিলেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ জুন ধর্মশালায়। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১৭ জুন লখনৌ ও ২০ জুন চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। আফগানিস্তান সিরিজের পরই ইংল্যান্ড সফরের ওয়ানডে দল ঘোষণা করবে ভারত।
ভারতের ওয়ানডে স্কোয়াড
শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, ইয়াশাসবি জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদিপ যাদব, আর্শদিপ সিং, প্রাসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনুন ব্রার, হার্শ দুবে


























