টাইব্রেকারে প্রথম আসিয়ান কাপ ইন্দোনেশিয়ার

- আপডেট সময় : ১২:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 2
শিরোপার জন্য ১২০ মিনিট লড়াই করেও কেউ কাউকে ছাড়তে পারল না। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হলো টাইব্রেকারে। সেখানেও নাটক কম হলো না। তবে শেষ হাসি হাসল স্বাগতিক ইন্দোনেশিয়া।
ফিফা আসিয়ান কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ইন্দোনেশিয়া। ঘরের মাঠে থাইল্যান্ডকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ইতিহাসের প্রথম শিরোপা জিতেছে তারা।
নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ছিল ১-১ সমতায়। অতিরিক্ত সময়েও দুই দল আরও একটি করে গোল করে। ফলে ১২০ মিনিট শেষে স্কোরলাইন দাঁড়ায় ২-২। এরপর শুরু হয় পেনাল্টি শ্যুটআউটের রোমাঞ্চ। সেখানে ইন্দোনেশিয়ার গোলরক্ষক এমিল অদেরোর দৃঢ়তায় শিরোপা নিশ্চিত হয় স্বাগতিকদের।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ইন্দোনেশিয়া। প্রথমার্ধে তিনটি শট নেয় তারা। থাইল্যান্ডের শট ছিল দুটি। বল দখলেও এগিয়ে ছিল স্বাগতিকেরা। ৬০ শতাংশের বেশি সময় বল ছিল ইন্দোনেশিয়ার পায়ে। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই।
বিরতির পরও গোলের জন্য অপেক্ষা করতে হয় অনেকটা সময়। অবশেষে ৮৪ মিনিটে সেই অপেক্ষার অবসান। ডিন জেমসের শট থাইল্যান্ডের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এগিয়ে যায় ইন্দোনেশিয়া।
তবে গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পরই সমতায় ফেরে থাইল্যান্ড। সেকস্যান রাত্রের অ্যাসিস্ট থেকে গোল করেন ইকলাস সানরন। ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়।
অতিরিক্ত সময়েও জমে ওঠে নাটক। প্রথম ১৫ মিনিটে কোনো গোল হয়নি। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য টাইব্রেকারেই লেখা হবে। কিন্তু ১১১ মিনিটে সেই হিসাব বদলে দেয় থাইল্যান্ড। অ্যানের অ্যাসিস্ট থেকে পিরাডল চামরাসামি গোল করে এগিয়ে দেন দলকে।
সময় তখন প্রায় ফুরিয়ে আসছে। থাইল্যান্ডের হাতে শিরোপা যেন ছুঁয়ে দেখার মতো দূরত্বে। কিন্তু ইন্দোনেশিয়া হাল ছাড়েনি।
১১৫ মিনিটে আবারও সমতা ফেরায় স্বাগতিকেরা। এলকান বাগোতের গোলে ২-২ হয় ম্যাচ। শেষ পাঁচ মিনিটে আর কোনো গোল না হওয়ায় শিরোপার নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে।
সেখানেও শুরুটা ছিল সমানে সমান। প্রথম দুটি শটে দুই দলই গোল করে। এরপর ইন্দোনেশিয়া নিজেদের তৃতীয় ও চতুর্থ শটেও বল জালে পাঠায়। বিপরীতে থাইল্যান্ডের তৃতীয় শট বারে লেগে ফিরে আসে। চতুর্থ শটটি ঠেকিয়ে দেন ইন্দোনেশিয়ার গোলরক্ষক এমিল অদেরো।
ব্যস, সেখানেই শেষ থাইল্যান্ডের স্বপ্ন।
টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্দোনেশিয়া। আর তাতেই লেখা হয় নতুন ইতিহাস—ফিফা আসিয়ান কাপের প্রথম চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া।


























