জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে : রিজভী
- আপডেট সময় : ১১:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 12
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। এই অগ্রগতির ধারা কেউ থামাতে পারবে না। এই শক্তি জনগণের শক্তি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর সংলগ্ন পলওয়েট মার্কেটের সামনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, গতকাল পুলিশ শুধু ঢাকায় তল্লাশি করে ৪৭২ জনকে আটক করেছে। চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি।
রুহুল কবির রিজভী বলেন, বহু কাঙ্ক্ষিত, বহু ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে ৫ আগস্ট ও ১২ ফেব্রুয়ারি একটি গণতান্ত্রিক বিজয় সূচিত হয়েছিল। এই নির্বাচনের পেছনে গত ১৭ বছর বহু নির্যাতন-নিপীড়ন ভোগ করেছে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা।
তিনি বলেন, গুম-খুন, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা—এগুলোই ছিল রাজনৈতিক কালচার। এ ধরনের দুঃশাসনের পর ছাত্র-জনতার বিপুল উত্থানে শেখ হাসিনা পরাজিত হয়েছেন।
রুহুল কবির রিজভী বলেন, জনগণের টাকা যারা চুরি করে, সম্পত্তি যারা লুট করে, তাদের পালাতে হয়। কিছুদিন হয়তো ভোগ করে, কিন্তু পৃথিবীর ইতিহাসে সবাইকেই পালাতে হয়েছে।
আওয়ামী লীগের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে ছিলাম, আমাদের দাবি একটাই ছিল—অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসুক, তাতে আমাদের আপত্তি নেই। আবার পাঁচ বছর পর জনগণ যাকে ভোট দেবে, তারাই ক্ষমতায় আসবে।
প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তেল সংকট নিয়ে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছেন। কিছুদিন আগে তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন। এক লিটার ডিজেল কিনতে আমাদের ২০৫ টাকা খরচ হয় এবং বিক্রি করি ১১৫ টাকায়। জনগণ যেন কষ্ট না পায়, সে জন্য প্রতি লিটারে ৯০ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বিরোধীদের নামে নানা ধরনের মিথ্যাচার করেছেন। এগুলো জনগণ পছন্দ করেন না। সুতরাং যারা গণবিরোধী, তাদের এভাবেই পালিয়ে যেতে হয়।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান।
সমাবেশে ফেরদৌসী আহমেদ মিষ্টি এমপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি উত্তরার আজমপুর গিয়ে শেষ হয়।

























ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু