ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

- আপডেট সময় : ১০:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 1
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৬৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়াল। আর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৭৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ হাজার ৮৬২ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে—৩৩৩ জন। ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ২৯৫ জন, বরিশালে ১৫১, খুলনায় ১১১, ময়মনসিংহে ৭৭ এবং রংপুরে ৭১ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৮০ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৫ জন ভর্তি হয়েছেন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসের মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। গত মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু এবং ৪৩ হাজার ৭৭৪ জনের হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া গেছে।
২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ।





















