অতলের সেঞ্চুরি, রশিদের ঘূর্ণিতে উড়ে গেল জিম্বাবুয়ে

- আপডেট সময় : ১২:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 2
ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি করলেন সেদিকুল্লাহ অতল। তাকে যোগ্য সঙ্গ দিলেন আরেক ব্যাটার ইব্রাহিম জাদরান। এরপর রশিদ খানের ঘূর্ণিতে আফগানিস্তানের বিপক্ষে নুন্যতম লড়াইটুকুও করতে পারল না জিম্বাবুয়ে।
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ২৯৪ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ৩৮.৪ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
আফগানিস্তানের এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াই জমে উঠল। বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান ও জিম্বাবুয়ের সামনেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। পরের ম্যাচে আফগানদের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। সেই সঙ্গে ছাড়িয়ে যেতে হবে জিম্বাবুয়ের রানরেটকে।
আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে আফগানিস্তান। ইব্রাহিমের সঙ্গে ওপেনিং জুটিতে পঞ্চাশ রান তোলার পর ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ। ২০ বলে ২৫ রানের ইনিংসে খেলেন তিনি।
দ্বিতীয় উইকেট জুটিতে বড় সংগ্রহের ভিত গড়েন ইব্রাহিম ও অতল। দুজনে মিলে গড়েন ১৪৯ বলে ১৪০ রানের জুটি। ৯৬ বলে ৯০ রান করে ইব্রাহিম ফিরে যান।
জাদরান ফেরার পর দ্রুত কয়েকটি উইকেট হারায় আফগানিস্তান। পঞ্চম উইকেটে হাশমতউল্লাহ শহিদির সঙ্গে ৪২ রান যোগ করে নিজের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন তাল। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে ১১০ বলে ১০২ রানের ইনিংস খেলেন এই বাহাঁতি ব্যাটার। এরপর হাশমাতউল্লাহ শহিদির ২৮ রানে নির্ধারিত পঞ্চাশ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯৪ রান করে আফগানিস্তান।
জবাবে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। ফজল হক ফারুকি ফিরিয়ে দেন বেন কারানকে। এরপর দ্রুত ফিরে যান তাফাদজওয়া সিগা ও ব্রেন্ডন টেলর। আজমতউল্লাহ ওমরজাইয়ের সরাসরি থ্রোয়ে রানআউট হন টেলর।
৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়েকে টানার চেষ্টা করেন রাজা ও রায়ান বার্ল। পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ৬৪ রান। বার্ল ৩১ রান করে রশিদের বলে এলবিডব্লিউ হলে ভাঙে জুটি।
এরপর রশিদের ঘূর্ণিতে ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং। ওয়েসলি মাধেভেরে ও রাজাকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আফগানিস্তানের হাতে তুলে দেন তিনি। ৮০ বল খেলে ৪৮ রান করে আউট হন রাজা। শেষ দিকে ব্র্যাড ইভান্স ও আর্নেস্ট মাসুকুকেও ফিরিয়ে দেন রশিদ। শেষ পর্যন্ত ১৩৬ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে।
রশিদ ১৭ রানে ৪ উইকেট নেন। ফারুকি ১৫ রানে ২ উইকেট নিয়ে তাকে ভালো সঙ্গ দেন।
ফাইনাল নিশ্চিত করার মিশনে কাল মাঠে নামবে আফগানিস্তান ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।


























