ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫

- আপডেট সময় : ০১:২৬:২৬ অপরাহ্ন, রোববার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / 103
ইউক্রেনজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল শনিবারের এসব হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ছাড়া অনেক আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র মধ্যাঞ্চলীয় শহর পোলতাভার একটি আবাসিক ভবনে আঘাত হানে, এতে ১১ জন নিহত ও ১৬ জন আহত হয়। হতাহতের মধ্যে চার শিশু রয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, একটি আবাসিক ভবনের ওপরের কয়েকটি তলা চূর্ণ হয়ে গেছে আর সেখান থেকে ধোঁয়ার কুণ্ডুলি আকাশের দিকে উঠছে। অগ্নিনির্বাপন কর্মী ও উদ্ধারকর্মীরা ধসে পড়া ধ্বংসাবশেষের মধ্যে কাজ করছে। প্রায় ১৮টি অ্যাপার্টমেন্ট ভবন, একটি কিন্ডারগার্টেন স্কুল ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।
এদিকে উত্তরপূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, একটি গ্রামে টহল দেওয়ার সময় রাশিয়ার ড্রোন হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হন। আর উত্তর পূর্বাঞ্চলীয় খারকিভে ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। এ ছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া শহরেও হামলা চালিয়েছে রুশ বাহিনী, এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী ১২৩টি ড্রোন ও ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ৫৬টি ড্রোন ভূপাতিত করেছে আর ৬১টি পুনঃনির্দেশিত করেছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে তার কোনো হিসেব দেয়নি ইউক্রেনীয় বাহিনী।























