ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী, আইআরজিসির দাবি

- আপডেট সময় : ১২:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 4
ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনী এক হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি। তার দাবি, ইরান ও আইআরজিসির সামরিক সক্ষমতার কারণেই মার্কিন বাহিনী এমন অবস্থান নিতে বাধ্য হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে এ দাবি করেন আলী ফাদাভি।
তিনি বলেন, ‘আমেরিকানরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না। ইসলামিক রিপাবলিক ও আইআরজিসির স্থলবাহিনীর শক্তির কারণেই তারা এমনটা করতে বাধ্য হয়েছে।
ফাদাভির আরও দাবি, প্রথমবারের মতো পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং এমনকি উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন নৌযান নেই।
মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির হামলার ক্ষেত্রে ‘১০০ শতাংশ ঝুঁকিপূর্ণ’ বলেও মন্তব্য করেন তিনি। তবে আইআরজিসির এই কমান্ডারের দাবির সঙ্গে মাঠপর্যায়ের আরেকটি তথ্যও সামনে এসেছে। ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনও অব্যাহত রয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, জুলাই থেকে এখন পর্যন্ত অবরোধ কঠোরভাবে কার্যকর নিশ্চিত করতে তারা ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।
ফলে ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী দূরে সরে যাওয়ার দাবি এবং একই সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকার বিষয়টি দুই দেশের চলমান সামরিক উত্তেজনার ভিন্ন দুই চিত্র তুলে ধরছে। তথ্যসূত্র: প্রেস টিভি























