নেপালের ইতিহাসে কালো দিন: মনীষা কৈরালা

- আপডেট সময় : ০২:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 82
জনপ্রিয় বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। ভারতে তিনি কাজ করেন, তবে নেপাল তাঁর মাতৃভূমি। সেই নেপালে গণ-আন্দোলনের মুখে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিসহ ১১ মন্ত্রী। শুধু তাই নয়, তাঁরা সেনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালাতেও বাধ্য হয়েছেন। এর আগে, বিক্ষোভকারীদের অন্তত ২৩ জন পুলিশের গুলিতে নিহত হয়েছেন, আহত পাঁচ শতাধিক। নেপালের এমন অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে মোটেই ভালো নেই মনীষা কৈরালা। তিনি স্পষ্ট বলেন, ‘নেপালের জন্য কালো দিন।’
জানা যায়, রাজনৈতিক পরিবারেরই মেয়ে মনীষা। তাঁর দাদু বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাই নেপাল রয়েছে অভিনেত্রীর হৃদয় জুড়ে। অথচ মাত্র দুদিনে বদলে গেছে দেশটির রাজনৈতিক চিত্র। দুর্নীতি, নানা অনিয়ম এবং সামাজিকমাধ্যমের ওপর রাষ্ট্রীয় বিধিনিষেধ আরোপ করার বিরুদ্ধে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে ঝরে যায় ২৩টি তাজা প্রাণ। এই ঘটনা মনীষা কৈরালাকে ব্যথিত করেছে।
নেপালে বিক্ষোভের ঘটনায় তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
কাঠমান্ডুর রাস্তায় পড়ে থাকা একপাটি রক্তমাখা জুতার ছবি দিয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী লিখেছেন, ‘এটা নেপালের ইতিহাসে কালো দিন, যেখানে দুর্নীতির বিরুদ্ধে, ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠ থামাতে পাল্টা বুলেট ছোড়া হয়।’
সব মিলিয়ে, দেশের এই সহিংস পরিস্থিতি কিছুতেই মেনে নিতে পারছেন না মনীষা।
প্রসঙ্গত, নেপালের ক্ষমতাচ্যুত কেপি শর্মা ওলি সরকারের পক্ষ থেকে সামাজিকমাধ্যম নিষিদ্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই গণ-আন্দোলনের সূত্রপাত। সরকারি নিয়মবিধি অমান্য করায় সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটস্অ্যাপ, এক্স, ইউটিউবসহ ২৬টি সমাজমাধ্যম নিষিদ্ধ করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) রাস্তায় নেমেছিলেন দেশটির ছাত্র-যুবকেরা। বিক্ষোভ ঠেকাতে কঠোর দমনপীড়ন চালায় পুলিশ। এদিন থেকেই আন্দোলনকারীদের নিহতের সংখ্যা বাড়তে থাকে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের জেন-জি বিক্ষোভ আরও অপ্রতিরোধ্য হয়ে উঠে। শেষমেশ এদিন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে সেনা হেলিকপ্টারে করে দেশ ছাড়েন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স সূত্রের মাধ্যমে জানিয়েছে, কেপি শর্মা ওলি সম্ভবত দুবাইয়ে আশ্রয় নিয়েছেন। যদিও সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।























