প্রতিকেন্দ্রে নির্ধারিত সংখ্যায় সেনা মোতায়েন সম্ভব নয়: সিইসি

- আপডেট সময় : ১২:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 58
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, সেনাবাহিনী প্লাটুন আকারে মোতায়েন হয়ে থাকে; তাই প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত সংখ্যায় সেনা সদস্য মোতায়েন করা সম্ভব নয়। তবে, নির্বাচন কমিশন কেন্দ্রগুলোর ঝুঁকি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা চূড়ান্ত করবে বলে জানান তিনি।
আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। তাই আমরা আশা করছি, আইন–শৃঙ্খলা বজায় রেখে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।
জটিলতায় গণভোটের প্রশ্নে সংস্কারের হিসাব-নিকাশ
তিনি আরও বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে বলে মনে করি না। তবে ধীরে ধীরে তা স্বাভাবিক অবস্থার দিকে ফিরে আসছে।
সিইসি নাসির উদ্দীন বলেন, ‘ভোটকেন্দ্রগুলোকে সবুজ, হলুদ ও লাল—এই তিন শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কী ধরনের বাহিনী মোতায়েন হবে, তা চলতি মাসের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে কারও পক্ষে নির্বাচন প্রতিহত করার ঘোষণা সফল করা সম্ভব নয়।’
এ এম এম নাসির উদ্দীন হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




















