ভারতকে কড়া বার্তা দিয়ে রাখলেন উপেক্ষিত সরফরাজ

- আপডেট সময় : ০৪:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 139
জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য যেটা সবচেয়ে জরুরি সেটাই করে দেখাচ্ছেন। শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে ফিটনেসে দারুণ উন্নতি করেছেন। রান পাচ্ছেন নিয়মিতই। ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি-ফিফটি করছেন। তারপরও ভারতের নির্বাচকদের নজরে পড়ছেন না সরফরাজ খান।
সবশেষ গতকাল বিজয় হারারে ট্রফিতে ৭৫ বলে ১৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে নির্বাচকদের কড়া বার্তাই যেন দিয়ে রাখলেন সরফরাজ। গোয়ার বিপক্ষে মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত এ ইনিংস সাজান ১৪টি ছক্কা ও ৯টি চারে। ২৮ বছর বয়সী ব্যাটারের ব্যাটে মুম্বাইয়ও পেয়েছে জয়।
ঘরোয়া ক্রিকেটে ছন্দের তুঙ্গে থাকা সরফরাজের ইনিংসটি এসেছে একেবারে উপযুক্ত সময়ে। ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা পাওয়ার দাবিটা আরও জোরালো করলেন ডানহাতি ব্যাটার।
চোটাক্রান্ত ত্রয়ীকে নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল
সবশেষ ২০২৪ সালের নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন সরফরাজ। ঘরের মাঠে কিউইদের কাছে ধবলধোলাই হয় স্বাগতিক ভারত। ওই সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ডাক মারার পর দ্বিতীয় ইনিংসে ১৫০ রানের ইনিংস খেলেন সরফরাজ। সিরিজের পরের দুই টেস্টের চার ইনিংস থেকে মাত্র ২১ রান করেন তিনি।
কিউইদের বিপক্ষে ওই সিরিজের ব্যর্থতার পর জাতীয় দলে একরকম ব্রাত্যই হয়ে পড়েন সরফরাজ খান। দল থেকে ছিটকে পড়ার পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামেন মিডল অর্ডারের এই ব্যাটার। ১৭ কেজি ওজন কমিয়ে ঘরোয়া ক্রিকেটে রীতিমতো রান মেশিনে রূপ নেন। রঞ্জি ট্রফিতে প্রায় ৭০ গড়ে রান করেন। বিজয় হারারে ট্রফিতে সবশেষ পাঁচ ইনিংসে সরফরাজ একটি সেঞ্চুরির সঙ্গে তিন ফিফটিতে মোট ৩৫৭ রান। এরমধ্যে সিকিমের বিপক্ষে ম্যাচে ৮ রানে ছিলেন অপরাজিত।
সরফরাজের জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেন অনেকেই। এরমধ্যে ভারতীয় ধারাভাষ্যকর হার্ষা ভোগলে বলেছেন, যদি রানই চূড়ান্ত মাপকাঠি হয়, তাহলে তাকে দলে না রাখাভারতীয় নির্বাচকদের ব্যর্থতা। সরফরাজের লড়াইটা শুধু ব্যাটের নয়।
আগামী ১১ জানুয়ারী ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। ১৪ ও ১৮ জানুয়ারি ৫০ ওভারের বাকি দুই ম্যাচের পর কিউদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ব্যাটে রানের বন্যা বইয়ে দেওয়া সরফরাজকে এবার প্রথমবারের মতো ওয়ানডে ডাক পান কিনা সেটাই দেখার।

























