চোটাক্রান্ত ত্রয়ীকে নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল
- আপডেট সময় : ০৪:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 122
ইনজুরি থেকে ফেরার পথে থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিডকে নিয়েই টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে নির্বাচকরা অভিজ্ঞতা ও কন্ডিশন–উপযোগী ভারসাম্যের ওপরই ভরসা রেখেছেন।
পিঠের চোটে ভোগা কামিন্স সম্প্রতি অ্যাশেজ সিরিজে শুধু অ্যাডিলেড টেস্টেই খেলতে পেরেছেন। এই মাসের শেষ দিকে তার স্ক্যান হওয়ার কথা রয়েছে, যার ওপর চূড়ান্ত স্কোয়াডে থাকা-না থাকার সিদ্ধান্ত নির্ভর করবে।
প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, কামিন্সের পাশাপাশি হ্যাজেলউড ও টিম ডেভিড- তিনজনই দ্রুত সেরে উঠছেন।
“প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং টিম ডেভিডের পুনর্বাসন ভালোভাবে এগোচ্ছে। আমরা আত্মবিশ্বাসী, বিশ্বকাপের আগেই তারা পুরোপুরি ফিট হয়ে উঠবে।”
বিগ ব্যাশ লিগে বক্সিং ডে ম্যাচে গ্রেড–টু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন টিম ডেভিড। আর আগের হ্যামস্ট্রিং সমস্যার পর অ্যাকিলিসে ব্যথার কারণে পুরো অ্যাশেজ সিরিজেই খেলতে পারেননি হ্যাজেলউড।
প্রাথমিক স্কোয়াড ঘোষণার সময় বেইলি আরও বলেন, “টি–টোয়েন্টি দলটি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্য পেয়েছে। সেটি মাথায় রেখে শ্রীলঙ্কা-ভারতের ভিন্ন ভিন্ন কন্ডিশনের কথা বিবেচনা করে ভারসাম্যপূর্ণ দল নির্বাচন করা হয়েছে। এটি প্রাথমিক স্কোয়াড, প্রয়োজনে নির্ধারিত সময় শুরুর আগেই পরিবর্তন আনা হতে পারে।”
ফুটবল বিশ্বকাপের বছরে ঋতুপর্ণাদের ব্যস্ত সূচি, হামজাদের ম্যাচ কম
আগামী ৩১ জানুয়ারির মধ্যে কোনো কারণ দেখানো ছাড়া স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। এরপর দলে কোনো খেলোয়াড় অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার জন্য টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির অনুমোদন নিতে হবে।
বিশ্বকাপের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া স্কোয়াডে স্পিনারদের উপস্থিতি চোখে পড়ার মতো। গ্রুপ ‘বি’-তে থাকা অস্ট্রেলিয়া তাদের ম্যাচগুলো খেলবে কলম্বো ও পাল্লেকেলেতে।
মিচেল মার্শই আবারও দলটির অধিনায়কত্ব করবেন। ভারতের বিপক্ষে সাম্প্রতিক টি–টোয়েন্টি সিরিজে না থাকা ক্যামেরন গ্রিন ও কুপার কনোলি ফিরেছেন দলে। একমাত্র উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন জশ ইংলিস।
এই দলে জায়গা হয়নি মিচেল ওয়েন ও বেন ডোয়ারশুইসের। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করা হবে পরে।
অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), হাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।



























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই