জামায়াত আমিরের প্রশ্ন—ভোট হালাল হলে গণভোট হারাম হবে কেন?

- আপডেট সময় : ১২:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 71
ভোট আর গণভোটের একটা হালাল হলে আরেকটা হারাম হবে কেন? যদি সংসদে এর সমাধান না হয়, তাহলে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে এ দাবি আদায় করে ছাড়ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) সকালে মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ জামায়াতে অংশগ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ঈদ আসে খুশির বার্তা নিয়ে। আর ঈদে নাড়ির টানে বাড়িতে ছুটে যান শহর-নগরে থাকা মানুষজন। ঈদযাত্রায় অতীতেও বিভিন্ন সময় অনেক সমস্যা ছিল। এবার আরও বেশি মাত্রায় হয়েছে। এতে আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে এবং সরকারের মন্ত্রী বা সংশ্লিষ্ট বিভাগ একেক সময় একেকটা কথা বলায় জাতি হিসেবে আমরা লজ্জিত। জানি না তারা লজ্জিত বা অনুতপ্ত কিনা।
সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না: নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণ করে তিনি বলেন, আজকের এই দিনটি মুসলিম উম্মার জন্য আল্লাহতায়ালার পক্ষ থেকে একটা নিয়ামত। এটা জুলাই পরিবর্তনের পর দ্বিতীয় ঈদুল ফিতর। গত বছর আমরা একটা ঈদুল ফিতর উদযাপন করেছি। আমরা যাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই বাংলাদেশ পেয়েছি, তাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। শহীদ, আহত ও জুলাইযোদ্ধা তথা নির্বিশেষে বাংলাদেশের মুক্তিকামী সব মানুষের কাছে। এ সময় দেশবাসীসহ প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান তিনি।
দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, গাজা ও ইরানে বর্বরতা চলছে; নিশ্চয় আল্লাহ মজলুমদের বিজয়ী করবেন ইনশাল্লাহ।























