বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

- আপডেট সময় : ১১:২৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 8
সাইবার অপরাধ দমন ও ডিজিটাল স্পেস নিরাপদ রাখতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হয়েছে। অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অর্গানোগ্রাম অনুযায়ী সাইবার পুলিশ ইউনিটের মোট জনবল ৪ হাজার ৫৯২ জন নির্ধারণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিভিত্তিক যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ইউনিটটি কার্যক্রম পরিচালনা করবে।
তিনি বলেন, অতিরিক্ত আইজিপির নেতৃত্বে দেশের সব থানা পর্যায়ের কর্মকর্তারাও সাইবার অপরাধ দমনে দায়িত্ব পালন করবেন। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাইবার অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। এসব অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বিশেষায়িত এই ইউনিট কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাইবার আইন বা সাইবার ইউনিটের কার্যক্রমের মাধ্যমে যেন কোনো গণমাধ্যম ভোগান্তির শিকার না হয়, সে বিষয়টি নজরে রাখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বে বিভিন্ন ইউনিটে অসংগঠিতভাবে পরিচালিত সাইবার তদন্তের সমন্বয়হীনতা দূর করে এখন থেকে একক আমব্রেলা বা সুসংগঠিত কাঠামোর অধীনে এই ইউনিটের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে। তিনি এই বিশেষায়িত ইউনিটের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে সাইবার স্পেসের অপব্যবহার ও সকল প্রকার সাইবার অপরাধ সফলভাবে দমন ও প্রতিরোধ করা সম্ভব হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।






















