শাহজাহান ওমরকে ঝালকাঠিতে অবাঞ্ছিত ঘোষণা

- আপডেট সময় : ০৯:০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / 208
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা বিএনপি। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
তিনি জানান, নৌকার মাঝি হওয়ায় ঝালকাঠিবাসী তাকে ধিক্কার জানাচ্ছে। ইতোমধ্যে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আমরা ঝালকাঠি জেলা বিএনপি তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।
এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করে দলটি।
রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহজাহান ওমরকে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত জানায় আওয়ামী লীগ। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসে আওয়ামী লীগে যোগ দেয়ার কথা জানান শাহজাহান ওমর।
























