মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ৩

- আপডেট সময় : ০২:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / 133
বঙ্গোসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১০ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (বুধবার, ৯ অক্টোবর) দুপুরে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দাদের কয়েকটি ট্রলারে গুলিবর্ষণ ও অপহরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বঙ্গোসাগরে মাছ ধরা নৌকা টার্গেট করে গুলি ছোড়ে মিয়ানমারের নৌবাহিনী। এতে ঘটনাস্থলেই এক জেলে নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহন হয়েছেন আরো তিনজন। আহত দুজনের নাম রফিক এবং রাজু। তারাও একই এলাকার বাসিন্দা।
নিহত জেলের নাম মো. ওসমান। তিনি শাহপরীর দ্বীপ টেকনাফ ৮ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে। এ সময় চার ট্রলারসহ ৬০ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী।
ট্রলার মালিকরা জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে।
ধরে নিয়ে যাওয়া চার ট্রলারের মালিকরা হলেন শাহপরীর দ্বীপের মৃত আলী হোছেনের ছেলে আবদুল্লাহ, মিস্ত্রীপাড়ার মুসলিম মিয়ার ছেলে মতিউর রহমান, তার ভাই আতা উল্লাহ, উত্তরপাড়ার ছৈয়দ মাঝির ছেলে মো. আছেম। এ চারটি ট্রলারে ৬০ জন মাঝি মাল্লা ছিল।
সাইফুল নামের একজন ট্রলার মালিক জানান, সাগরে মাছ ধরার সময় হঠাৎই মিয়ানমার নৌবাহিনী জেলেদের ধাওয়া করে গুলিবর্ষণ করে। এরপর চারটি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে নিয়ে মিয়ানমারে নিয়ে যায়। যেখানে তার মালিকাধীন ট্রলারে গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে একজন মারা যায়।
তিনি আরো জানান, আজ (বৃহস্পতিবার) ওই ট্রলারটি ছেড়ে দিয়েছে। নিহত এবং আহত জেলেদের নিয়ে ট্রলারটি শাহপরীর দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। তবে এখনো ঘাটে এসে পৌঁছায়নি।
এ বছরের শুরু থেকেই মিয়ানমারের বাংলাদেশ-সংলগ্ন অঞ্চলে জান্তা সরকার এবং বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে। মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলি বাংলাদেশের দিকে আসায় কয়েক দফায় সেন্টমার্টিনে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন রাখতে হয়েছিল।






















