টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবাইকে টপকালেন মোস্তাফিজ

- আপডেট সময় : ১০:৫৮:৩৬ অপরাহ্ন, রোববার, ৩১ অগাস্ট ২০২৫
- / 65
বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজুর রহমান। সাকিব-মুশফিক-রিয়াদদের মতো সিনিয়রদের ছাড়িয়ে এই বাঁহাতি পেসার এখন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের মালিক।
নেদারল্যান্ডসের বিপক্ষে সদ্য সমাপ্ত ম্যাচে ৮ উইকেটের জয়ে মোস্তাফিজ পেলেন নিজের টি-২০ ক্যারিয়ারের ৫৩তম জয়। এই জয়ের মাধ্যমে ১২৯ ম্যাচে জিতে ৫২ উইকেট নেওয়া সাকিবকে পেছনে ফেললেন তিনি। মাত্র ১০ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই কীর্তি গড়েছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত ১১২ টি-২০ ম্যাচে অংশ নিয়ে জয় পেয়েছেন ৫৩টিতে, হার ৫৭টিতে। অন্যদিকে সাকিব খেলেছেন ১২৯টি ম্যাচ, জয় ৫২টি, হার ৭৫।
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল; বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এই চারজনের মধ্যে তামিম ইকবাল সবচেয়ে কম সময় খেলেছেন, সেটাও প্রায় ১৩ বছর। বাকি তিনজনের ক্যারিয়ারই দেড় দশকের বেশি সময় গড়িয়েছে।
কে কোথায় আছেন?
মোস্তাফিজুর রহমান: ১১২ ম্যাচ, জয় ৫৩
সাকিব আল হাসান: ১২৯ ম্যাচ, জয় ৫২
মাহমুদউল্লাহ রিয়াদ: ১৪১ ম্যাচ, জয় ৪৯
লিটন দাস: ১০৮ ম্যাচ, জয় ৪৯
মুশফিকুর রহিম: ১০৩ ম্যাচ, জয় ৩৭
তামিম ইকবাল: ৭৪ ম্যাচ, জয় ২৩
নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়ে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোস্তাফিজ।
বিশ্বমঞ্চে কারা সবার উপরে?
টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি জয় ভারতের রোহিত শর্মার—১৫৯ ম্যাচে ১০৯টি জয়। তার পরে আছেন:
শোয়েব মালিক (পাকিস্তান): ৮৬ জয়
বিরাট কোহলি: ৮২ জয়
হার্দিক পান্ডিয়া: ৮১ জয়
মোহাম্মদ নবি (আফগানিস্তান): ৮০ জয়
ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক মিলিয়ে সবচেয়ে সফল কারা?
টি-২০ ক্রিকেটে সব ধরনের ম্যাচ মিলিয়ে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ক্যারিবীয় কিংবদন্তি কেইরন পোলার্ড-এর। ৭১৩ ম্যাচে জিতেছেন ৩৮৭টি।
তালিকার অন্যরা:
শোয়েব মালিক, ডোয়াইন ব্রাভো, সুনিল নারিন – প্রত্যেকের তিন শতাধিক জয়
বাংলাদেশিদের মধ্যে শীর্ষে সাকিব আল হাসান: ৪৫৮ ম্যাচে ২৩৫টি জয়
দ্বিতীয় মাহমুদউল্লাহ রিয়াদ: ১৫৮ জয়


























