গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

- আপডেট সময় : ১১:৫৭:৩২ পূর্বাহ্ন, রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 60
দীর্ঘ ভ্যাপসা গরমের পর অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল এবং কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একইসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
অন্যদিকে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।তবে তাপমাত্রায় তেমন কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরবর্তী ১২০ ঘণ্টা (পাঁচ দিন) এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।
একইসঙ্গে আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশে
এদিকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





















