৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

- আপডেট সময় : ০৫:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 44
জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন এবং নির্বাচনে পি আর পদ্ধতি বাস্তবায়ন, আওয়ামী দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিস। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব আবদুল কাদের।
খেলাফত মজলিসের ৬ দফা দাবিগুলো হলো-
১. অবিলম্বে জুলাই জাতীয় সনদ- ২০২৫ ঘোষণা করা ও এর আইনি ভিত্তি দেওয়া। ঘোষিত জুলাই জাতীয় সনদ- ২০২৫ এর ভিত্তিতেই ফেব্রুয়ারি ২০২৬ এর জাতীয় নির্বাচন আয়োজন করা।
২. পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের সদস্য নির্বাচন করা।
৩. আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা।
৪. আওয়ামী ফ্যাসিবাদের সব দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা।
৫. নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। অবৈধ অস্ত্র, পেশি শক্তি, কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
৬. দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে।
এসময় তিনি জানান, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর দেশের সকল মহানগরীতে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে দলটি।
জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে হুঁশিয়ারি দেন আহমদ আবদুল কাদের।























