শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না এমন দাবি অযাচিত: রিজভী
- আপডেট সময় : ০৫:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 34
শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শনিবার, ১১ অক্টোবর) দুপুরে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচীতে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘ধানের শীষ ৪৭ বছর যাবৎ বিএনপির নির্বাচনী প্রতীক। এসব দাবি করে একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিরিট নষ্ট করা হচ্ছে। এ ঘটনা চলমান থাকলে পরাজিত শক্তিরা সুযোগ পাবে। শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না এ ধরনের দাবি অযাচিত।’
তিনি বলেন, ‘কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সমাজের মানুষ যাদেরকে আতঙ্ক মনে করে তারা বিএনপির সদস্য হতে পারবে না।’
তিনি বলেন, শেখ হাসিনা তার পথের কাঁটা নিশ্চিহ্ন করতে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দয়ের করে ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছেন। ১৬ বছর ধরে বাংলাদেশকে নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন। তিনি ও তার দল রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে দেশকে দেউলিয়া বানিয়েছেন। যারা ক্ষমতার দাপটে মানুষকে নির্যাতন করেছে, আজ তাদের কেউ দেশে ফিরতে পারছে না।
তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোশহীন আন্দোলন এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। বিএনপি আজ জনগণের দল হিসেবে নতুন করে সংগঠিত হচ্ছে।
আইনের শাসন কী, তা এবারের নির্বাচনে দেখাতে চাই: সিইসি
এসময় সন্ত্রাস দমন এবং বিশেষ ক্ষমতা আইনসহ সমস্ত কালাকানুন বাতিল করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি।
মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন থানার সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে বিএনপির প্রাথমিক সদস্য ফরম তুলে দেয়া হয়।
এসময় বিএনপির সাবেক সাবেক মন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ ও অধ্যাপক এম এ মান্নানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, সদস্য সংগ্রহ টিমের টিম প্রধান ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুবদলের সাবেক সহ সভাপতি জাকির হোসেন নান্নু, বিএনপি নেতা মাহবুবুল ইসলাম।
এর আগে, অনুষ্ঠানে নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজবাড়ী মাঠে আসেন।






















অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই