জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে: সালাহউদ্দিন আহমেদ

- আপডেট সময় : ০৫:১৪:০৭ অপরাহ্ন, রোববার, ১৯ অক্টোবর ২০২৫
- / 68
জুলাই যোদ্ধাদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের করা মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে বলে দাবি করেছেন তিনি। আজ (রোববার, ১৯ অক্টোবর) দেশের সমসাময়িক পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে এক ব্রিফিং এ দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, আমার একটি বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বা করার চেষ্টা করা হয়েছে। গতকালকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার সময়, তারা আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এটাকে স্বাগত জানাই এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। তারা যথেষ্ট সম্মানের সহিত কথাগুলো বলেছেন। আমি মনে করেছি বিষয়টি স্পষ্ট করা দরকার।
তিনি বলেন, ‘আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে বলা হয়েছে, আমি নাকি আওয়ামী ফ্যাসিস্ট বলেছি জুলাই যোদ্ধাদের শুক্রবারের বিশৃঙ্খলাকে নিয়ে। আমি বুঝলাম না, জুলাই যোদ্ধারা কেন এ দায় নিজেদের কাঁধে নিতে চাচ্ছে। আমি স্পষ্ট করে বলেছি, জুলাইয়ের সঙ্গে জড়িত কোনো সংগঠন বা ব্যক্তি এ ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিলো না, থাকতে পারে না।’
তিনি বলেন, ‘এ কথার মধ্যে দিয়ে জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি। যেন এমন কর্মকাণ্ডে কেউ জুলাই যোদ্ধাদের অভিযুক্ত না করতে পারে। আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রাখতে চাই। সেজন্য আমরা তাদের সম্মানের চোখে দেখে আসছি।’
‘শাপলা’ প্রতীকের দাবিতে অনড় অবস্থানে এনসিপি
এর আগে, গত শুক্রবার জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেদিন যে বিশৃঙ্খলা হয়েছে সেখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু আওয়ামী ফ্যাসিস্ট ঢুকেছে। এখানে জুলাই গণঅভ্যুত্থানে সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না, এ কথার মধ্যে দিয়ে জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি আপনারা কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আমার মনে হয় এ বিষয়ে পরে কথা বলা যাবে। কারণ বিষয়গুলো তদন্তাধীন আছে। সরকার সম্ভবত একটা তদন্ত টিম করেছে, তাদের তদন্তে কি আসে দেখা যাক। তবে, আমার মনে হয়, কিছু-কিছু ঘটনা একই সূত্রে গাথা। দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়ত এগুলো করে থাকতে পারে কোনো-কোনো গোষ্ঠী। তার সঙ্গে হয়ত পতিত ফ্যাসিবাদের দোসররা এবং পতিত ফ্যাসিবাদ জড়িত থাকতে পারে। তবে, সেটা তদন্ত করার আগে বলা যাবে না।
জুলাই গণঅভুত্থানে বিএনপির ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন, তার তালিকা প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করেন সালাহ উদ্দিন।
জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের সময় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু প্রস্তাব আছে বলে উল্লেখ করে সালাহ উদ্দিন বলেন, কিন্তু পরবর্তী সংসদ যেন জুলাই সনদের প্রস্তাবগুলো গ্রহণ করতে বাধ্য থাকে তার জন্য গণভোটের প্রস্তাব আমরা করেছি।























