খেই হারানো লিভারপুলের দাপুটে জয়

- আপডেট সময় : ০৩:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 96
ফরাসি ক্লাব মার্শেইয়ের মুখোমুখি হওয়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে লিভারপুলের জয় ছিল মাত্র একটি। ধুঁকতে থাকা ইংলিশ ক্লাবটি অবশেষে দারুণ এক জয় পেল।
আফ্রিকা কাপ অব নেশনস খেলে ফিরে আসার পর আবার লিভারপুলের শুরুর একাদশে ফিরেন মোহাম্মদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগে মিসরীয় ফরোয়ার্ডের ফেরার ম্যাচে মার্শেইকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে আর্নে স্লটের দলের হয়ে জালের ঠিকানা খুঁজে পান দমিনিক সোবোসলাই ও কোডি গাকপো। অল রেডদের অন্য গোলটি আসে আত্মঘাতি থেকে। মার্শেইয়ের আর্জেন্টাইন গোলকিপার হেরোনিমো রুলি নিজেদের জালেই বল পাঠান।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এলো লিভারপুল। সাত ম্যাচে পাঁচ জয় ও দুই হারে ১৫ পয়েন্ট আর্নে স্লটের দলের। আগামী সপ্তাহে তারা আ্যানফিল্ডে এফসি কারাবাগের মুখোমুখি হবে।
প্রতিপক্ষের উঠানে শুরু থেকেই দাপট ছিল লিভারপুলের। ফরাসি লিগে পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা দলের বিপক্ষে সব পরিসংখ্যানেই এগিয়ে ছিল আর্নে স্লটের দল। সফরকারীরা প্রথমার্ধের ইনজুরি-টাইমের প্রথম মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। হাঙ্গেরির ২৫ বছর বয়সী উইঙ্গার সবোসলাইয়ের ফ্রি-কিক মার্শেইয়ের রক্ষণের দেয়ালকে ভেদ করার পর গোলকিপারকেও পরাস্ত করে জালে আঘাত করে।
হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া কেইনের, শীর্ষ আটে বায়ার্ন
৭২তম মিনিটে জেরেমি ফ্রিম্পং তার গতি ব্যবহার করে বাইলাইন পর্যন্ত পৌঁছে যান। তার কাটব্যাকে রুলির গায়ে লেগে বল মার্শেইয়ের জালে ঢুকে যায়, ব্যবধান হয়ে যায় ২-০। তারপর শেষ মিনিটে গাকপো বেঞ্চ থেকে নেমে খেলা শেষ করার আগে গোল করেন, নিচু শটে বলকে দূরের কর্নারে ঢুকিয়ে।
মার্শেইয়ের সমর্থকরা ম্যাচ শুরুর আগে চোখে পড়ার মতো একটি বিটলস থিফো উন্মোচন করেন, যাতে ফরাসি ভাষায় লেখা ছিল, ‘ইতিহাস পুনরাবৃত্তি ঘটে।’ এটি মূলত ২০০৪ সালের সেই সময়ের প্রতি ইঙ্গিত করে মার্শেইয়ের সমর্থকরা, যখন এই দুই দল এই মঞ্চেই মুখোমুখি হয়েছিল এবং কিংবদন্তি দিদিয়ের দ্রোগবা গোল করে, আর লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দেয় মার্শেই।
তবে এবার ইতিহাসের পুনরাবৃত্তি হলো না—লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে মার্শেইয়ের বিপক্ষে জিতল, ঠিক যেমন তারা ২০০৭ ও ২০০৮ সালেও জিতেছিল।






















