ভোটারদের কাছে প্রতিশ্রুতির ডালা নিয়ে হাজির প্রার্থীরা

- আপডেট সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 98
আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মুখর সারাদেশ। বিভিন্ন জেলায় জমজমাট প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও নেতাকর্মীরা। নির্বাচনী সভা ও পথসভায় দলগুলোর নেতাদের বক্তব্যে উঠে আসছে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, ব্যালটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের কথা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থী-সমর্থকরা।
বরিশালে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। সকালে আদালত এলাকায় আইনজীবীদের সাথে প্রচারণা চালান বরিশাল-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্যা নির্বাচনী গণমিছিল করেছেন। এ সময় তিনি ইনসাফের সমাজ প্রতিষ্ঠার ঘোষণা দেন।
নাটোর-২ আসনের ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন। এসময় দিঘাপতিয়া ইউনিয়নের উত্তরা গণভবনের সামনে পথসভা করেন দলীয় নেতাকর্মীরা।
পাবনা-৪ আসনে গ্রামগঞ্জের পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের অলিগলিতে গণসংযোগ করছেন প্রার্থী-সমর্থকরা। অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়েই প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা।
নেত্রকোণা-১ আসনে ব্যালটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন জেএসডি প্রার্থী বেলাল হোসেন।
ফরিদপুর-৪ আসনে গণমিছিল করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্যার সমর্থকরা।
ক্ষমতায় গেলে এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বলে জানান দিনাজপুর-২ আসনে জাতীয় পার্টি প্রার্থী অ্যাডভোকেট জুলফিকার হোসেন।
এছাড়া ফেনী, হবিগঞ্জ, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী-নেতাকর্মীরা।




















