৬-১ গোলের বিশাল জয় পেয়েছে নিউক্যাসল

- আপডেট সময় : ০৪:০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 78
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগেই কার্যত শেষ ষোলোর টিকিট কেটে ফেলল ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। আজারবাইজানে এফকে কারাবাগের মাঠে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে ক্লাবটি- আর সেই জয়ের কেন্দ্রে একাই অ্যান্থনি গর্ডন।
ম্যাচের শুরু থেকে ঝড় তোলে নিউক্যাসল। মাত্র তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। ছয় মিনিট পর কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন মালিক থিয়াও। এরপর পুরো প্রথমার্ধটা যেন গর্ডনের ওয়ান ম্যান শো।
৩২ মিনিটে প্রতিপক্ষে হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ২৪ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড। এক মিনিটের ব্যবধানে রক্ষণভাগের ভুলে সুযোগ নিয়ে নিজের হ্যাটট্রিক ও দলের হালি পূরণ করেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও পেনাল্টি পায় নিউক্যাসল। কারাবাগ মাতেউস কোখালস্কি ডি-বক্সের ভেতরে গর্ডনকে ফেলে দিলে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। সেখান থেকে চতুর্থ গোলটি করেন গর্ডন। প্রথমার্ধেই স্কোরলাইন দাঁড়ায় ৫–০!
বিরতির আগেই চার গোলে একাধিক রেকর্ডে নাম তুলেছেন গর্ডন। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে প্রথমার্ধে চার গোল করা তিনিই প্রথম ফুটবলার। ইংলিশ খেলোয়াড়দের মধ্যে দ্রুততম (৩৩ মিনিটে) হ্যাটট্রিকও এখন তার নামের পাশে।
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গর্ডনের গোলসংখ্যা ১০- যা হ্যারি কেইন (৮) ও আর্লিং হলান্ড (৭)-এর চেয়ে বেশি। এখন সামনে শুধু কিলিয়ান এমবাপ্পে (১৩)।
বিরতির পর গতি কিছুটা কমালেও নিয়ন্ত্রণ ছিল নিউক্যাসলেরই। ৫৬ মিনিটে এলভিন জাফারগুলিয়েভ একটি গোল শোধ দেন কারাবাগের হয়ে। তবে ৭২ মিনিটে বদলি হিসেবে নামা জ্যাকব মারফির ডিফ্লেক্টেড শটে শেষ পর্যন্ত ৬–১ ব্যবধানের জয় নিশ্চিত হয় নিউক্যাসলের।
এই ফলের পর ইংল্যান্ডে ফিরতি লেগে কারাবাগের সামনে চ্যালেঞ্জটা পাহাড়সম। নিউক্যাসলের জন্য শেষ ষোলোয় জায়গা করে নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী মঙ্গলবার রাতে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।

























