পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৪:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 68
পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেটা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তবে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পদায়ন হয়েছে। বাহিনীতে এভাবে নিয়োগ হয় না। এর ফলে যথাযথ জায়গায় যোগ্য জনবল নিয়োগ দেয়া যায়নি।
তিনি বলেন, খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে। রাজনৈতিক ব্যক্তি কিংবা দলের কেউ পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবেন না।’
ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে কিনা, তা যাচাই-বাছাই করে বাতিল করা হবে। তারা সঠিকভাবে সব যোগ্যতা পূরণ করে লাইসেন্স পেয়েছে কিনা, এসব বিষয় যাচাই-বাছাই করা হবে।
এখনও পর্যন্ত দশ হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী। উদ্ধার না হওয়া এই অস্ত্রগুলোকে বর্তমানে সম্পূর্ণ অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই অস্ত্রগুলো উদ্ধারের পাশাপাশি এগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা মামলা দায়ের করা হতে পারে বলেও তিনি সতর্ক করে দেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মব কালচার শেষ। বৈধ দাবি থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে হবে। সড়ক অবরোধ করে দাবি আদায়ের দিন শেষ।
উচ্চ পর্যায়ের এ বৈঠকে আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এসবি প্রধান মো. গোলাম রসুল, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ভারপ্রাপ্ত সচিব) দেলোয়ার হোসেন, সিআইডি প্রধান ছিবগাত উল্লাহ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান উপস্থিত ছিলেন।























Trump threatens economic punishment on ‘any country’ helping Iran