র্যাবের সাবেক ডিজি হারুন ও তাঁর স্ত্রীর ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

- আপডেট সময় : ০৮:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 110
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশিদ এবং তাঁর স্ত্রী ফাতেহা ফারভীন লুনারের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, অবরুদ্ধ করা ওই ১০টি ব্যাংক হিসাবে মোট ৭৪ লাখ ৫০ হাজার টাকা জমা রয়েছে। দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন এই হিসাবগুলো অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদনটি করেছিলেন। আবেদনে দুদক উল্লেখ করে, সাবেক এই র্যাব কর্মকর্তার বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের একটি গুরুতর অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। এই বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ইতোমধ্যে অনুসন্ধানকারী কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে হারুন অর রশিদ ও তাঁর স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে, যার বিপরীতে কোনো সন্তোষজনক বৈধ আয়ের উৎস তারা দেখাতে পারেননি।
ভোক্তা পর্যায়ে কমলো এলপিজির দাম
দুদক আদালতকে আরও জানিয়েছে, গোপন সূত্রে তারা জানতে পেরেছে যে অভিযুক্তরা তাদের অস্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদ একবার স্থানান্তরিত হয়ে গেলে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং রাষ্ট্রের এই ক্ষতি এড়াতেই তাদের অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতকে অবহিত করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।





















