কাল উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
- আপডেট সময় : ০১:১৩:০২ অপরাহ্ন, রোববার, ৮ মার্চ ২০২৬
- / 63
সোমবার এএফসি উইমেন’স এশিয়ান কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে সোমবার মাঠে নামছে বাংলাদেশ। পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে আফঈদা খন্দকারদের প্রতিপক্ষ উজবেকিস্তান। এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে কোনো সুযোগই হাতছাড়া করতে চাইবে না তারা। বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।
টানা দুই পরাজয়ের পর দুই দলের স্বপ্ন এখন সুতোয় ঝুলছে। একটি জয়ই সেই স্বপ্নের পথে এগিয়ে নিতে পারে। তিন গ্রুপের সেরা তৃতীয় হওয়া দুই দল পাবে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ, আপাতত সেই সুযোগের সন্ধানে বাংলাদেশ ও উজবেকিস্তান।
বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম দুই খেলায় চীনের বিপক্ষে ২-০ এবং উত্তর কোরিয়ার সঙ্গে ৫-০ গোলে হেরেছে। বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার বলেন, ‘উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটির দিকে ফিরে তাকালে, এটি আমাদের জন্য অনেকটা রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়ার মতো ছিল, তবে ইতিবাচক অর্থে। আমরা কোন স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছি তা বুঝতে সাহায্য করেছে ম্যাচটি।’
‘আমাদের কিছু ভালো মুহূর্ত এবং ভালো পারফরম্যান্স ছিল এবং আমরা সেই ইতিবাচক দিকগুলো নিচ্ছি। আগামীকাল আমরা আমাদের নিজেদের স্টাইলের খেলা খেলতে মাঠে নামব। যখন প্রয়োজন হবে তখন আমরা রক্ষণ সামলাব, তবে আমরা প্রেসিং এবং আক্রমণাত্মক ফুটবল খেলার দিকেও নজর দেব।’
অনন্য এক রেকর্ডের দোরগোড়ায় মেসি
উজবেকিস্তানের বিপক্ষে দলের ভাগ্য পরিবর্তনের ব্যাপারে বাটলার আশাবাদী, ‘আশা করি আমরা যে প্রস্তুতি নিয়েছি তা আমাদের ভালো অবস্থানে রাখবে। প্রতিটি দিনই শেখার দিন এবং প্রতিটি দিনই এই দলের জন্য শেখার প্রক্রিয়ার অংশ। আমরা পরবর্তী ম্যাচে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামব। একইসঙ্গে আমরা জানি এটি সহজ হবে না।’
উজবেকিস্তান ম্যাচ যে বাংলাদেশের জন্য মোটেও সহজ হবে না সেটি বলা-ই যায়। সুযোগ-সুবিধায় সব দিক থেকে তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে। এছাড়া ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী ফুটবলারদের চেয়ে উজবেকিস্তান এগিয়ে ৬৩ ধাপ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যখন ১১২তম দেশ সেখানে উজবেকিস্তান আছে এই তালিকার ৪৯-এ। তারপরও প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক বাংলাদেশ এই ম্যাচের জন্য সেরাটা দিয়ে লড়াই করবে জানান বাটলার।
‘এই ম্যাচটি অনেকটা ‘‘ইঁদুর-বেড়াল’’ লড়াইয়ের মতো হতে পারে। উভয় দলই হয়তো শুরুতে কিছুটা সতর্কভাবে এগোবে। কিন্তু আমরা এমন দল নই যারা রক্ষণাত্মকভাবে বসে থাকতে পছন্দ করি— এটি আমাদের ধরণ নয়। আমরা আক্রমণাত্মক মেজাজে খেলতেই পছন্দ করি।’ বলেন বাটলার।
প্রতিযোগিতায় উজবেকিস্তান চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে সমান ৩-০ ব্যবধানে হেরেছে। প্রধান কোচ কত্রিনা কুলবাইট তাঁর দলের কাছ থেকে ভালো কিছুর আশায় রয়েছেন বলে জানান, ‘এই ম্যাচটি আমাদের এবং আমাদের প্রতিপক্ষ উভয়ের জন্যই নির্ণায়ক হবে। আমরা জানি এটি সহজ হবে না। বাংলাদেশ অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং খুব দ্রুতগতির দল। আমরা এই ম্যাচটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুতি নিচ্ছি।’
‘গ্রুপের সমীকরণের কথা বলতে গেলে, এটি অনুমান করা কঠিন। কারণ এখনও অনেক খেলা বাকি এবং যে কোনো কিছু ঘটতে পারে। তবে আমরা যদি মাঠে ভালো পারফরম্যান্স করতে পারি, তবে ফলাফল অবশ্যই আসবে।’
উজবেকিস্তানের লিথুয়ানিয়ান এই কোচ জোর দিয়ে বলেন যে, তাঁর দল তিন পয়েন্টের জন্য লড়াই করবে এবং একটি শক্তিশালী আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামবে, ‘আমাদের ২৬ জন খেলোয়াড় রয়েছে যারা সবাই মাঠে নামার জন্য প্রস্তুত। এমনকি এই টুর্নামেন্টের আগেই আমাদের একটি স্পষ্ট পরিকল্পনা ছিল— প্রতিটি খেলোয়াড়কে বুঝতে হবে কোন ম্যাচে তাদের খেলার প্রত্যাশা করা হচ্ছে। যেহেতু এটি একটি টুর্নামেন্ট ম্যাচ, তাই খেলোয়াড় পরিবর্তন সবসময়ই পরিকল্পনার অংশ। আগামীকালের ম্যাচের জন্য সবাই পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে।’
একই সময় বিকেল ৩টায় সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে গ্রুপে অপর দুই দল উত্তর কোরিয়া এবং চীন একে অপরকে মোকাবিলা করবে। যদিও দুই দলই পরের রাউন্ড নিশ্চিত করেছে।



























Holy Eid-e-Miladunnabi being observed