মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে

- আপডেট সময় : ১২:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 71
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে অভিমত ব্যক্ত করেছেন জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিটিএডি) মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান।
গত সোমবার (১৬ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই কথা জানান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের বিস্তারিত তথ্য জানানো হয়।
বৈঠকে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। তারা একমত পোষণ করেন যে, এই সংঘাতের ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বিশেষ করে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর ওপর। আলোচনার একপর্যায়ে তারা আশঙ্কা প্রকাশ করেন যে, এ ধরনের অস্থিতিশীল পরিবেশের কারণে দরিদ্র দেশগুলো তাদের দীর্ঘ বছরের অর্জিত উন্নয়ন অগ্রগতি হারানোর ঝুঁকির মুখে রয়েছে।
৩০ ঘণ্টা ধরে আগুনে জ্বলেছে মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
উদ্ভূত পরিস্থিতিতে সংঘাতের তীব্রতা আর না বাড়িয়ে দ্রুত কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান তারা। আলোচনার পাশাপাশি বৈঠকে উভয় কর্মকর্তা তাদের নিজ নিজ প্রার্থিতা নিয়েও মতবিনিময় করেন। রেবেকা গ্রিনস্প্যান বর্তমানে জাতিসংঘের মহাসচিব পদের জন্য লড়ছেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদের প্রার্থী। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।























