ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তারা বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প

- আপডেট সময় : ০৪:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 66
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিরসনে ইরান একটি চুক্তি করতে অত্যন্ত আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহের নৈশভোজে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, তেহরান চুক্তির বিষয়ে ভেতরে ভেতরে আগ্রহী হলেও বিষয়টি প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছে। তাদের এই ভীতির কারণ হিসেবে ট্রাম্প জানান, ইরানি নেতারা আশঙ্কা করছেন যে এমন পদক্ষেপ নিলে তারা নিজেদের লোক অথবা আমেরিকার হাতে প্রাণ হারাতে পারেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য আদান-প্রদান হয়েছে, কোনো সংলাপ হয়নি
বক্তব্যে ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে বর্তমান মার্কিন প্রশাসন যে ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা এর আগে কেউ দেখেনি। তার মতে, ইরান কার্যত আলোচনার টেবিলে রয়েছে এবং একটি সমঝোতায় পৌঁছাতে উন্মুখ হয়ে আছে। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে আলোচনা এখনো চলমান রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র প্রদত্ত ১৫ দফার প্রস্তাবটি তেহরান তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি, তবুও উভয় পক্ষ একটি সমাধানের পথ খুঁজছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, যুদ্ধ বন্ধের বিকল্প পথ খুঁজতে পাকিস্তানকেও একটি সম্ভাব্য আলোচনার কেন্দ্র হিসেবে বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
অন্যদিকে, ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে। তবে আরাগচি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, এই বার্তা বিনিময়কে কোনো আনুষ্ঠানিক ‘আলোচনা’ হিসেবে গণ্য করা যাবে না। ইরান ও আমেরিকার মধ্যে এই স্নায়ুযুদ্ধের আবহে ট্রাম্পের এমন দাবি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: এএফপি

























