জ্বালানিতে দৈনিক ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 51
দেশের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার জ্বালানি তেল খাতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি স্পষ্ট করেছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে বিশ্বের অন্তত ৮০টি দেশ জ্বালানির দাম বাড়ালেও বাংলাদেশের বর্তমান সরকার এই মুহূর্তে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে ১৫৩ জন ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয়: বিদ্যুৎমন্ত্রী
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে সরাসরি বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের ওপর প্রভাব পড়ে। চতুর্দিক থেকে চাপ থাকা সত্ত্বেও জনগণের কথা বিবেচনা করে সরকার ভর্তুকি দিয়ে সরবরাহ স্বাভাবিক রাখছে।
জ্বালানি মজুতের বিষয়ে তিনি জানান, বর্তমানে আগামী এপ্রিল মাস পর্যন্ত চাহিদামত তেলের জোগান নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো সংকট মোকাবিলায় দেশে অন্তত ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করার কাজ শুরু হয়েছে।
দেশে জ্বালানির বর্তমান চাহিদা ও সরবরাহ পরিস্থিতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ সময়ে দেশে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলে চাহিদা থাকে। কিন্তু ঈদুল ফিতরকে সামনে রেখে এই চাহিদা দ্বিগুণ হয়ে ২৫ হাজার টনে পৌঁছেছিল। একইভাবে পেট্রোল ও অকটেনের চাহিদাও ১ হাজার ৪০০ টন থেকে কয়েকগুণ বেড়েছে। তবে এই বাড়তি চাপ সত্ত্বেও সরকার সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক হারুন অর রশিদ।




















খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩