ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
- আপডেট সময় : ০২:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 38
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছেছে আরও ৭ হাজার টন ডিজেল। মঙ্গলবার (৩১ মার্চ) ডিজেলের চালানটি দেশে এসে পৌঁছায়। এর আগে শনিবার পাইপলাইনের মাধ্যমে এই ৭ হাজার মেট্রিক টন ডিজেলের চালান দেশে আসা শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম। তিনি বলেন, ৩১ মার্চ এই ৭ হাজার মেট্রিক টন তেল আসা পুরোপুরি সম্পন্ন হয়েছে।
তিনি জানান, গত শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার মেট্রিক টন ডিজেলের চালান বাংলাদেশে আসা শুরু হয়। ১৪৬ ঘণ্টা সময় নিয়ে ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে তা মঙ্গলবার সকাল ৯টায় পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছায়।
এর আগে গত শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে প্রায় অর্ধলক্ষাধিক লিটার বা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখার লক্ষে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখে কর্তৃপক্ষ।
‘জ্বালানির যোগানে সংকট নেই, অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চলবে’
এর আগে ২৪ মার্চ দুপুরে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার বা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পৌঁছায়।
এর আগে চলতি বছরে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হয়েছে।
জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) ও আসামের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কাছ থেকে এপ্রিল মাসে আরও ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি সপ্তাহে ১০ হাজার মেট্রিক টন করে ডিজেল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে পৌঁছাবে।
একাধিক সূত্র জানায়, জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।



















খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩