হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

- আপডেট সময় : ১১:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 60
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৯ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৮০৪ জনে।
গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৩৯ জন। এ নিয়ে একই সময়ে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৭৩৩ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজার ১৮৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৫০৩ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৫৭৩ শিশু মারা গেছে। ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।






















