সারাদেশে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি
- আপডেট সময় : ০৫:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 7
রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার লক্ষ্যে গড়ে তোলা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সদ্য নির্মিত এই জাদুঘরের স্মৃতিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্মৃতিফলক উন্মোচনের পর জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে সূরা ফাতিহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাজবাড়ী
রাজবাড়ীতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার দিবসটি উপলক্ষে জেলা শহরের শ্রীপুরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন। পরে পুলিশ প্রশাসন, জুলাই শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, বিএনপি ও বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
ফরিদপুর
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ এবং ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পর্যায়ক্রমে পুলিশ বিভাগ, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিভিল সার্জনের কার্যালয়, বন বিভাগ, জেলা তথ্য অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুর জেলা কারাগার, জেলা নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া জাতীয় যুব শক্তি, যুব উন্নয়ন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, মৎস্য অধিদপ্তর, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, জেলা কর্মসংস্থান অফিস, টিটিসি এবং বিএডিসিসহ নানা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মাগুরা
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, শিশুদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহিদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জা করা হয়।
রাজশাহী
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির নানা আনুষ্ঠানিকতা। সরকারি-বেসরকারি সংস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ দিনব্যাপী বৈচিত্র্যময় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি স্মরণ করছে।
বুধবার সকাল থেকেই রাজশাহীতে দিবসটি কেন্দ্র করে নানা কর্মসূচি শুরু হয়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের স্মরণে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
সকাল ৯টায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে যারা বদমাইশি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে যেন অন্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেজন্য দেশের প্রতিটি নাগরিককে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, জুলাই শহিদ সাকিব আনজুমের বাবা। আবেগপ্লুত কণ্ঠে তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো মেধাবী সন্তান যেন এভাবে শহিদ না হয় এবং কোনো বাবা-মায়ের বুক যেন খালি না হয়। তিনি সন্তান হত্যার সঙ্গে জড়িত সকলের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের জোর দাবি জানান।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার, আহত ব্যক্তি ও জুলাই যোদ্ধাদের সম্মানার্থে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, আন্দোলন-সংগ্রামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী, গণভোজ ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জয়পুরহাট
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনের দুই বছর পূর্তিতে বুধবার (৫ আগস্ট) রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯টা জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ড. আবুল কাশেম ময়দানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পুলিশ সুপার, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ঝিনাইদহ
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার সকালে এ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেমব্রীজ একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে জেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহিদদের পরিবার, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, বিআরটিএসহ সরকারি বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

























রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য