ইরানকে অবিশ্বাস করার ক্ষেত্রে আমিই সবার আগে থাকব: ট্রাম্প
- আপডেট সময় : ০২:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 3
ইরানকে অবিশ্বাস করার ক্ষেত্রে আমিই সবার আগে থাকব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে পরিস্থিতি ‘বেশ ভালোভাবেই চলছে’। হরমুজ প্রণালিও পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য রকমের ভালো। আমাদের দেশের জন্য সবকিছু দারুণভাবে এগোচ্ছে।’
ইরানকে বিশ্বাস করেন না জানিয়ে ট্রাম্প বলেন, দেশটি তাঁর সঙ্গে ‘প্রতিনিয়ত মিথ্যা কথা বলেছে’। হরমুজ প্রণালির ওপর এখন ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতির বিভিন্ন সংকেত থেকে বোঝা যাচ্ছে, দুই পক্ষ কোনো ধরনের সমঝোতার খুব কাছাকাছি রয়েছে।
মঙ্গলবার ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, গত দুই-তিন দিনের পরিস্থিতি আবারও শান্তি বা চুক্তির অনুকূলে এগোচ্ছে।
মধ্যস্থতাকারী কাতারও জানিয়েছে, হরমুজ প্রণালি পরিচালনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে।
তবে কূটনৈতিক অগ্রগতির মধ্যেও উত্তেজনা পুরোপুরি কমেনি। উপসাগর ও লোহিত সাগরে জাহাজে নতুন করে হামলার ঘটনা ঘটেছে।
ফলে একদিকে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে হরমুজ প্রণালি ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।






















সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর