সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে : নাহিদ ইসলাম
- আপডেট সময় : ১১:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 7
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সোশ্যাল মিডিয়ায় সবাই যেন আশির দশকে ফিরে যেতে চাইছে, এমন একটি ট্রেন্ড চলছে। সরকারকেও দেখে মনে হচ্ছে, তারাও যেন আশির দশকে ফিরে যেতে চাইছে। তবে সরকার ট্রেন্ডের সঙ্গে থাকলেও তা যেন ইতিবাচকভাবে হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আয়োজনে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, পুরো পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে, এটাই সবার প্রত্যাশা। বিশেষ করে এত বড় গণঅভ্যুত্থান, রক্তদান ও আত্মত্যাগের পর বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের নিয়ে সরকারের বিশেষ নীতি ও পরিকল্পনা থাকা উচিত।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কোনো আঞ্চলিক বা শুধু জাতীয় বিষয় নয়, এটি আন্তর্জাতিক বিষয়। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত বিশ্বমানের চিন্তা ও উদ্ভাবনকে ধারণ করা এবং নতুন প্রজন্মকে আগামীর পৃথিবীর জন্য প্রস্তুত করা।
দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রবণতার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জেলাভিত্তিক উদ্যোগ হতে পারে না। এর পেছনে জাতীয় পরিকল্পনা ও সুনির্দিষ্ট রূপকল্প থাকতে হবে। অতীতে দলীয় লোকদের চাকরি দেওয়া বা রাজনৈতিক স্বার্থে বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রবণতা দেখা গেছে। কিন্তু এতে প্রত্যাশিত পরিবর্তন আসেনি।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট রূপকল্প ছিল। একইভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়েরও একটি পরিকল্পনা থাকা প্রয়োজন—যাতে এটি পুরো বরিশাল অঞ্চলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
নাহিদ ইসলাম বলেন, ৭১টি জেলায় শুধু স্নাতক তৈরির চেয়ে গবেষণানির্ভর ১০টি কার্যকর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেশি ফলপ্রসূ হবে।
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার ছাড়া তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে ভাইভার নম্বর কমানোর কথা বলা হলেও ক্ষমতায় এসে বিপরীত সিদ্ধান্ত নেওয়া গ্রহণযোগ্য নয়।
গণঅভ্যুত্থানের দুই বছর পার হওয়ার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এই সময়ে হতাশা ও না পাওয়ার বেদনার পাশাপাশি অনেক আশাও তৈরি হয়েছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার এসেছে। নির্বাচিত সরকার তাদের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করছে, তা জনগণই বিচার করবে।























গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার