যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানে হামলার হুঁশিয়ারি ইরানের
- আপডেট সময় : ১১:১৬:০৪ অপরাহ্ন, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 4
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ‘ভুল পদক্ষেপ’ নিলে অঞ্চলজুড়ে দেশটির সামরিক অবস্থান ও স্বার্থে ধারাবাহিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তর। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে সহযোগিতা করলে আঞ্চলিক দেশগুলোকেও এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে তেহরান।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রোববার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর উদ্দেশে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিবৃতিতে খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তর দাবি করেছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের ব্যর্থতা আড়াল করে ‘কৃত্রিম সাফল্য’ অর্জনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তাদের ভাষ্য, ইসরায়েলি পক্ষের ‘মিথ্যা ও সাজানো ঘটনাপ্রবাহের’ ভিত্তিতে যুদ্ধ শুরু হয়েছিল এবং প্রতারণা ও কৌশলের মাধ্যমে তা অব্যাহত রাখা হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, কয়েকটি আঞ্চলিক দেশের ‘সবুজ সংকেত’ নিয়ে ইউরোপের একটি দেশে যৌথ বৈঠকের মাধ্যমে ইরানের বিরুদ্ধে নতুন করে কর্মকাণ্ড শুরুর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
এ পরিস্থিতিতে ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সব সামরিক অবস্থান ও স্বার্থ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এসব হামলা কোনো ধরনের ‘সীমাবদ্ধতা বা বিবেচনা’ ছাড়াই ধারাবাহিকভাবে চালানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আঞ্চলিক দেশগুলোকেও সতর্ক করেছে ইরান। বিবৃতিতে বলা হয়েছে, কোনো দেশ ইরানের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে যুক্ত হলে তাদেরও ওই কর্মকাণ্ডের অংশীদার হিসেবে বিবেচনা করা হবে।
এমন পরিস্থিতিতে এসব দেশ ইরানের ‘শক্তিশালী সশস্ত্র বাহিনীর’ কাছ থেকে সংযম বা সৌজন্য আশা করতে পারবে না বলেও সতর্ক করেছে খাতামুল আম্বিয়া সদর দপ্তর। সূত্র: পার্সটুডে


























অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি