নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী’ বললেন মার্কিন সিনেটর
- আপডেট সময় : ০১:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 8
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। একই সঙ্গে নেতানিয়াহু ‘মিথ্যার পর মিথ্যা বলেন’ বলেও অভিযোগ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনা করেন মার্কিন এই ডেমোক্র্যাট সিনেটর। নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় সংঘটিত কর্মকাণ্ড এবং পশ্চিম তীরে মার্কিন নাগরিকদের হত্যার ঘটনায় জবাবদিহি নিশ্চিত ‘না’ করার অভিযোগও তোলেন তিনি।
ভ্যান হোলেন বলেন, ‘তিনি একের পর এক মিথ্যা বলতে থাকেন।’ এরপর নেতানিয়াহুর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, ‘এর চেয়েও খারাপ বিষয় হলো, তিনি একজন পলাতক যুদ্ধাপরাধী। গাজায় সংঘটিত অপরাধ এবং গাজা ধ্বংসের ঘটনায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।’
নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গও টেনে আনেন ভ্যান হোলেন। ২০২৪ সালের নভেম্বরে, আইসিসি, নেতানিয়াহু ও তৎকালীন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরায়েল অবশ্য আইসিসির এখতিয়ার ও অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
পশ্চিম তীরে, সহিংসতায় নিহত মার্কিন নাগরিকদের বিষয়েও নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ভ্যান হোলেন। তার অভিযোগ, ইসরায়েলি বসতি স্থাপনকারী বা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত মার্কিন নাগরিকদের ঘটনায় জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে নেতানিয়াহু কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
তিনি বলেন, ‘নেতানিয়াহু ভাগ্যবান যে যুক্তরাষ্ট্র তাকে আমাদের সীমান্ত পার হওয়ার সুযোগ দিয়েছে। কিন্তু এতে তার মিথ্যাগুলো মুছে যায় না, তার যুদ্ধাপরাধও মুছে যায় না। তার লজ্জিত হওয়া উচিত এবং তাকে লজ্জা দেওয়া উচিত।’
ভ্যান হোলেনের এই মন্তব্যের আগে নেতানিয়াহু নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে আক্রমণ করে একটি ভিডিও প্রকাশ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদে নিজের আসন্ন বক্তব্যে মামদানি ও ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনার জবাব দেওয়ার কথা জানান নেতানিয়াহু।
এরই মধ্যে পশ্চিম তীরে সহিংসতা এবং মার্কিন নাগরিকদের মৃত্যুর ঘটনা নিয়ে ভ্যান হোলেনসহ কয়েকজন মার্কিন সিনেটর আগস্টে একটি প্রস্তাব আনার উদ্যোগের কথা জানিয়েছিলেন। এতে এসব ঘটনার তদন্ত ও জবাবদিহি নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের কাছে প্রতিবেদন চাওয়ার কথা বলা হয়।

























কাতার থেকে আসছে আরও দুই কার্গো এলএনজি