বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আপডেট সময় : ০১:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 4
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সহকারী সচিব জসিম উদ্দিনের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়াও নির্ধারণ করা হয়েছে। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বিআরটিএ অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক হারে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।
তবে নতুন নির্ধারিত ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নির্ধারিত ভাড়ার হার বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।
জনস্বার্থে জারি করা নতুন ভাড়ার হার মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রতি ১০০ কিলোমিটারে বাস ভাড়া বাড়লো কত? দেখে নিন নতুন তালিকা
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার সারা দেশে দূরপাল্লা ও স্বল্প দূরত্বের বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ানো হয়েছে ১৭ পয়সা। এতে করে একটি ৫২ আসনের বাস হিসেবে প্রতি ১০০ কিলোমিটার যাত্রায় যাত্রীদের আগের তুলনায় বাড়তি ১৭ টাকা গুনতে হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ বাসভাড়ার হার ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রজ্ঞাপন জারির মাধ্যমে মঙ্গলবার থেকেই এই সংশোধিত ভাড়া কার্যকর করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগর : সিটির অভ্যন্তরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে ১৭ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
দূরপাল্লার বাসভাড়া: দূরপাল্লার রুটে কিলোমিটার প্রতি আগের ২ টাকা ২৩ পয়সার জায়গায় এখন থেকে যাত্রীদের গুনতে হবে ২ টাকা ৪০ পয়সা। অর্থাৎ, ৫২ সিটের বাসে ১০০ কিলোমিটার ভ্রমণে ভাড়া বাড়বে ১৭ টাকা।
ডিটিসিএ এলাকা: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন এলাকাগুলোতে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সাধারণ যাত্রীদের স্বস্তি দিয়ে জানানো হয়েছে যে, স্থান ও যাত্রাপথ ভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া পরিবর্তন করা হয়নি; তা আগের মতোই যথাক্রমে ৮ টাকা ও ১০ টাকা বহাল থাকবে।






















কাতার থেকে আসছে আরও দুই কার্গো এলএনজি