গুদামে মদ মজুতের অভিযোগ, সালমান মুক্তাদিরের শ্বশুরের গুদাম সিলগালা

- আপডেট সময় : ১২:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 1
অননুমোদিত গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের প্রতিষ্ঠান টস বন্ড প্রাইভেট লিমিটেডের চারটি গুদাম সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার, ১ অক্টোবর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিযানে অংশ নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এনবিআরের বিজ্ঞপ্তি উদ্ধৃত করে কালবেলা জানিয়েছে, প্রাথমিকভাবে গুরুতর অসংগতি পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য গুদামগুলো সিলগালা করা হয়েছে।
এনবিআরের বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির অনুমোদিত ও ঘোষিত গুদাম ছিল দুটি। কিন্তু সরেজমিন পরিদর্শনে চারটি গুদামে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। অনুমোদিত দুটি গুদামের বাইরে আরও দুটি অননুমোদিত গুদাম ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছে সংস্থাটি।
বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য যাতে স্থানান্তর বা সরিয়ে ফেলা না যায় এবং তদন্তে ব্যাঘাত না ঘটে, সে জন্য চারটি গুদামই সিলগালা করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলছে।
টস বন্ড বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহ করে। গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে বাংলাদেশ জার্নাল জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ নিয়ে কয়েক মাস ধরে অনুসন্ধান চলছিল।





















