জানুয়ারি-সেপ্টেম্বরে মব সহিংসতা ও প্রাণহানি কমেছে

- আপডেট সময় : ০৪:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 0
দেশে মব সহিংসতার ঘটনা ও প্রাণহানির সংখ্যা কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে মব সহিংসতায় ৪০ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ৬৫ জন। একই সময়ে সারা দেশে মব সহিংসতার ৬৩টি ঘটনা ঘটেছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম নয় মাসে এসব ঘটনায় নিহত ও আহতের সংখ্যা কমেছে।
পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোলরুমের তৈরি মব সহিংসতার তুলনামূলক বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিবরণী অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশে মব সহিংসতার ১০৭টি ঘটনা ঘটে। এসব ঘটনায় ৬৩ জন নিহত এবং ৮২ জন আহত হন। অন্যদিকে, ২০২৬ সালের একই সময়ে মব সহিংসতার ঘটনা ঘটে ৬৩টি। এসব ঘটনায় নিহত হন ৪০ জন এবং আহত হন ৬৫ জন। অর্থাৎ, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম নয় মাসে মব সহিংসতার ঘটনা কমেছে ৪৪টি। এ সময়ে নিহতের সংখ্যা ২৩ জন এবং আহতের সংখ্যা ১৭ জন কমেছে।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মব সহিংসতার সাতটি ঘটনা ঘটে। এসব ঘটনায় দুজন নিহত এবং ১২ জন আহত হন। গত বছরের সেপ্টেম্বর মাসে এ ধরনের ১৮টি ঘটনা ঘটে। তখন এসব ঘটনায় ১৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছিলেন। অর্থাৎ, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই মাসে ঘটনা ও প্রাণহানির সংখ্যা কমলেও আহতের সংখ্যা একজন বেড়েছে।
আগস্ট মাসেও গত বছরের তুলনায় মব সহিংসতার ঘটনা ও প্রাণহানির সংখ্যা কম ছিল। চলতি বছরের আগস্টে ১১টি ঘটনায় আটজন নিহত ও নয়জন আহত হন। অন্যদিকে, ২০২৫ সালের আগস্টে ১৬টি ঘটনায় ১৪ জন নিহত এবং ছয়জন আহত হয়েছিলেন। এ হিসাবে চলতি বছরের আগস্টে ঘটনা পাঁচটি ও নিহতের সংখ্যা ছয়জন কমলেও আহতের সংখ্যা তিনজন বেড়েছে।
জুলাই মাসে চলতি বছরে মব সহিংসতার চারটি ঘটনা ঘটে। এসব ঘটনায় দুজন নিহত এবং সাতজন আহত হন। গত বছরের জুলাই মাসে ১৩টি ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছিলেন। ফলে গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরের জুলাইয়ে ঘটনা, নিহত ও আহতের সংখ্যা, তিনটিই কমেছে।
জুন মাসের পরিসংখ্যানেও ঘটনার সংখ্যা কমার চিত্র পাওয়া গেছে। চলতি বছরের জুনে মব সহিংসতার চারটি ঘটনায় চারজন নিহত এবং একজন আহত হন। ২০২৫ সালের জুনে সাতটি ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হন। অর্থাৎ, এ মাসে ঘটনা ও আহতের সংখ্যা কমলেও নিহতের সংখ্যা দুইজন বেড়েছে।
মে মাসে দুই বছরেই মব সহিংসতার আটটি করে ঘটনা ঘটে। তবে হতাহতের সংখ্যায় পার্থক্য ছিল। চলতি বছরের মে মাসে এসব ঘটনায় সাতজন নিহত ও আটজন আহত হন। গত বছরের একই মাসে নিহতের সংখ্যা ছিল তিনজন এবং আহতের সংখ্যা ছিল আটজন। অর্থাৎ, ঘটনা ও আহতের সংখ্যা অপরিবর্তিত থাকলেও চলতি বছরের মে মাসে নিহতের সংখ্যা চারজন বেশি ছিল।
এপ্রিল মাসে চলতি বছরের সাতটি মব সহিংসতার ঘটনায় তিনজন নিহত এবং ১০ জন আহত হন। গত বছরের এপ্রিলে ১০টি ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত হন। সেই হিসাবে এ মাসে ঘটনা তিনটি কমলেও নিহতের সংখ্যা অপরিবর্তিত ছিল। তবে আহতের সংখ্যা দুইজন বেড়েছে।
মার্চ মাসে চলতি বছরের ১০টি মব সহিংসতার ঘটনায় তিনজন নিহত এবং ১১ জন আহত হন। গত বছরের মার্চে ২৯টি ঘটনায় ১২ জন নিহত ও ২৬ জন আহত হয়েছিলেন। ফলে গত বছরের মার্চের তুলনায় চলতি বছরের একই মাসে ঘটনা ১৯টি, নিহতের সংখ্যা নয়জন এবং আহতের সংখ্যা ১৫ জন কমেছে। মাসভিত্তিক তুলনায় মার্চে মব সহিংসতার ঘটনা ও হতাহতের সংখ্যা কমার উল্লেখযোগ্য চিত্র পাওয়া যায়।
ফেব্রুয়ারি মাসে চলতি বছরের চারটি ঘটনায় দুজন নিহত এবং তিনজন আহত হন। গত বছরের ফেব্রুয়ারিতে তিনটি ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছিলেন। অর্থাৎ, এ মাসে চলতি বছরে ঘটনা একটি বেশি হলেও নিহতের সংখ্যা একজন কমেছে। তবে আহতের সংখ্যা বেড়েছে দুইজন।
জানুয়ারি মাসে চলতি বছরের আটটি মব সহিংসতার ঘটনায় নয়জন নিহত এবং চারজন আহত হন। গত বছরের জানুয়ারিতে তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন। ওই মাসে আহতের কোনো তথ্য নেই। অর্থাৎ, জানুয়ারিতে চলতি বছরে ঘটনা পাঁচটি এবং নিহতের সংখ্যা ছয়জন বেশি ছিল।




















