কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা

- আপডেট সময় : ১১:৪৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 2
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তাঁর কর্মজীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। দীর্ঘ দুই দশক ব্র্যাকে কাজ করার পর প্রতিষ্ঠানটি ছেড়ে তিনি এবার যুক্তরাষ্ট্রের স্বনামধন্য কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে যোগ দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মিথিলা নিজেই এই আনন্দের খবরটি সবার সঙ্গে শেয়ার করেছেন।
ব্র্যাক ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক উন্নয়ন খাতে ১৫ বছরসহ মোট ২০ বছর তিনি ব্র্যাকের সঙ্গে যুক্ত ছিলেন।
কলাম্বিয়া ইউনিভার্সিটির আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চে মিথিলা ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’-এর নকশা প্রণয়ন ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন। নিউইয়র্কভিত্তিক এই উদ্যোগটি মূলত প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্যের ওপর কাজ করে।
এটি জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশু এবং তাদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করে। কলাম্বিয়া ইউনিভার্সিটির মতো বৈশ্বিক পরিসরে নিজের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে পেরে তিনি অত্যন্ত গর্বিত বলে জানিয়েছেন।
গবেষণার পাশাপাশি মিথিলা দ্য সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে (কুনি) ‘অ্যাডজাংকট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতাও শুরু করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের নন-প্রফিট ম্যানেজমেন্ট বা অলাভজনক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে পড়াবেন, যাতে শিক্ষার্থীরা এ বিষয়ে বাস্তবধর্মী ধারণা লাভ করতে পারে। দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাক ছাড়ার বিষয়ে আবেগাপ্লুত মিথিলা জানান, তার পেশাগত জীবনকে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে ব্র্যাকের অবদান অনস্বীকার্য।
কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষণাধর্মী পরিবেশে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানিয়ে নতুন এই পথচলায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।


























