ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও

- আপডেট সময় : ১২:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 2
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তেহরানের একটি প্রশিক্ষণকেন্দ্রে নারীদেরও আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেছে। খবর রয়টার্সের।
রোববার (৪ অক্টোবর) তেহরানের ইমাম হোসেইন স্কয়ারের একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে নারীরা এ প্রশিক্ষণে অংশ নেন। সেখানে সামরিক কর্মকর্তা ও প্রশিক্ষকদের কাছ থেকে বিভিন্ন নির্দেশনা নেওয়ার পর তাদের আগ্নেয়াস্ত্র, এমনকি হ্যান্ডগান চালানোর অনুশীলন করতে দেখা যায়।
এর আগে শনিবার (৩ অক্টোবর) তেহরানের হাফত-ই তির স্কয়ারে বেসামরিক নাগরিকদের জন্য নতুন একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্থল হামলা চালালে তা মোকাবিলার প্রস্তুতি হিসেবে এসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর আগে ইমাম হোসেইন স্কয়ারেও এমন একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়েছিল।
প্রশিক্ষণে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী রাহেলেহ ঘাদিরি বলেন, যুদ্ধের সময় নিজের পরিবার ও এলাকার মানুষকে কীভাবে রক্ষা করতে হবে, তা জানা তার ভয় কিছুটা কমিয়ে দেবে।
রয়টার্স জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সাত মাসের সংঘাত শুরু হয়। ৮ এপ্রিলের একটি যুদ্ধবিরতিতে ৪০ দিনের যুদ্ধের অবসান হলেও এরপরও বিচ্ছিন্ন সংঘর্ষ চলতে থাকে।
সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র আবার বড় ধরনের হামলা শুরু করলে ইরান আরও ব্যাপক ও শক্তিশালী জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
























