বিদায়ী ম্যাচের পূর্বে রিভার প্লেটের সদস্য হলেন মেসি

- আপডেট সময় : ১০:৪৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 1
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র লিওনেল মেসি। বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোর ৫টায় আলবিসেলেস্তেদের হয়ে নিজের শেষ ম্যাচটিতে খেলতে নামছেন তিনি।
বেনিনের বিপক্ষে এই বিদায়ী ম্যাচের ঠিক আগে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার হাতে দেশটির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব রিভার প্লেটের সম্মানসূচক সদস্যপদ কার্ড তুলে দেওয়া হয়।
স্মরণীয় এই মুহূর্তটির আগে রিভার প্লেটের সভাপতি স্টেফানো ডি কার্লো মেসির হাতে ক্লাবের সম্মানসূচক সদস্যপদ কার্ডের পাশাপাশি একটি স্মারক ক্রেস্ট এবং তাঁর নাম খোদাই করা রিভার প্লেটের আইকনিক ‘মানতো সাগ্রাদো’ (পবিত্র জার্সি) তুলে দেন। মূলত বিশ্ব ফুটবলে মেসির অসামান্য অবদান এবং তাঁর ঐতিহাসিক সাফল্যকে সম্মানিত করতেই এই স্মারক উপহার দেয় কর্তৃপক্ষ।
আর্জেন্টাইন জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী এ আয়োজনে সাক্ষী হয়ে এক অনন্য মুহূর্তের সূচনা করল দেশটির ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা এই ঐতিহ্যবাহী ক্লাব।



















