যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ৯ ভারতীয় কুস্তিগীরের ভিসা বাতিল

- আপডেট সময় : ১১:১৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 3
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আসন্ন অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিয়ে ভারতীয় দলে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়ন নেহা সাঙ্গোয়ানসহ ৯ জন প্রতিশ্রুতিশীল ভারতীয় কুস্তিগীরের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। আগামী ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের আগে বয়স কম এবং বেকারত্বের মতো অদ্ভুত অজুহাত দেখিয়ে তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে মার্কিন দূতাবাস।
ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) দেওয়া তথ্যমতে, গত বুধবার নয়াদিল্লির মার্কিন দূতাবাসে ২৪ জন প্রতিযোগী ভিসা সাক্ষাৎকারের জন্য উপস্থিত হয়েছিলেন, যার মধ্যে ১৬ জন ছিলেন কুস্তিগীর। দুর্ভাগ্যবশত, শুধুমাত্র ২০ বছরের কম বয়স এবং আনুষ্ঠানিক কোনো কর্মসংস্থান বা চাকরি না থাকার কারণে তাদের মধ্যে ৯ জনের পাসপোর্ট ফেরত দিয়ে মৌখিকভাবে ভিসা বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
ভিসা বাতিল হওয়া এই কুস্তিগীরদের তালিকায় নেহা সাঙ্গোয়ান ছাড়াও রয়েছেন সামর্থ গজানন মাকভে, ধীরাজ কুমার মালিক, শচীন কুমার, নিখিল, হরদীপ, পারভীন, অহল্যা শত্রুঘ্ন শিন্ডে এবং নেহা শর্মা।
এই ঘটনার পরপরই মার্কিন দূতাবাসের কাছে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জোরালো আবেদন জানিয়েছে ডব্লিউএফআই। ফেডারেশন তাদের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, এটি অনূর্ধ্ব-২৩ বয়সভিত্তিক একটি টুর্নামেন্ট এবং অংশগ্রহণকারী কুস্তিগীরদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
স্বাভাবিকভাবেই এই বয়সের তরুণ অ্যাথলেটরা তাদের ক্যারিয়ার গড়ার পেছনে সময় দেন এবং তাদের কোনো আনুষ্ঠানিক পেশা বা চাকরি থাকে না, যা অত্যন্ত যৌক্তিক। পাশাপাশি বৃহস্পতিবার আরও যেসব কুস্তিগীরের ভিসা সাক্ষাৎকার নির্ধারিত রয়েছে, তাদের বেশিরভাগেরই বয়স ২০ বছরের নিচে এবং বেকার হওয়ায় তাদের মার্কিন ভিসা পাওয়া নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় কুস্তি ফেডারেশন।

























