ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলকে টপকে পাঁচে পর্তুগাল

- আপডেট সময় : ১২:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 4
আন্তর্জাতিক ফুটবলের সাম্প্রতিক উইন্ডোটা ব্রাজিলের জন্য মাঠে যতটা স্বস্তির, র্যাঙ্কিংয়ে ততটাই অস্বস্তির। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই পয়েন্ট খোয়ানোর পর পরের দুই ম্যাচে বড় জয় পেলেও তার প্রভাব কাটিয়ে উঠতে পারেনি সেলেসাওরা। ফলে ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে চার ম্যাচে চার জয় তুলে নিয়ে দুই ধাপ এগিয়েছে পর্তুগাল।
বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত ফিফার সর্বশেষ পুরুষ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানগুলোতে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনই আছে এক নম্বরে। তাদের পরেই আর্জেন্টিনা ও ফ্রান্স। চতুর্থ অবস্থানটিও ধরে রেখেছে ইংল্যান্ড।
তবে পাঁচ নম্বর থেকে শুরু হয়েছে পরিবর্তন। আগের র্যাঙ্কিংয়ে পঞ্চম থাকা ব্রাজিল এবার নেমে গেছে ষষ্ঠ স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করাই এর বড় কারণ। ফিফার হিসাব অনুযায়ী, ওই ম্যাচে ২.০২ র্যাঙ্কিং পয়েন্ট হারিয়েছে ব্রাজিল।
এরপর অবশ্য নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে কার্লো আনচেলত্তির দল। অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারানোর পর ভারতের বিপক্ষে পেয়েছে ৪-০ গোলের জয়। কিন্তু ওই দুই জয়ে পাওয়া পয়েন্ট প্রথম ম্যাচের ক্ষতি পুরোপুরি পুষিয়ে দিতে পারেনি। ফলে পাঁচ থেকে এক ধাপ নেমে যেতে হয়েছে নেইমারদের উত্তরসূরিদের।
ব্রাজিলের পতনের সুযোগে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগের চার ম্যাচেই জয় পেয়েছে তারা। ওয়েলসকে ১-০, নরওয়েকে দুইবার ২-১ এবং ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে পর্তুগাল উঠেছে পাঁচ নম্বরে। তাদের সংগ্রহ ১৮০৭.৬৯ পয়েন্ট।
অন্যদিকে, র্যাঙ্কিংয়ে ব্রাজিলের ঠিক পেছনেই আছে মরক্কো। মালির বিপক্ষে ১-১ গোলে ড্র করার কারণে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমেছে আফ্রিকার দলটি। যদিও একই উইন্ডোতে গ্যাবন ও লেসেথোকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। ব্রাজিলের সঙ্গে মরক্কোর ব্যবধানও খুব সামান্য—সেলেসাওদের ১৮০৬.৫১ পয়েন্টের বিপরীতে তাদের ১৮০৫.৩৪।
শীর্ষ দশের পরের অবস্থানগুলোতেও কিছুটা পরিবর্তন এসেছে। বেলজিয়াম, নেদারল্যান্ডস, মেক্সিকো ও কলম্বিয়া যথাক্রমে অষ্টম থেকে একাদশ অবস্থান ধরে রেখেছে। দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছে সুইজারল্যান্ড। অন্যদিকে এক ধাপ করে পিছিয়েছে জার্মানি ও ক্রোয়েশিয়া। জার্মানি ১৩ এবং ক্রোয়েশিয়া আছে ১৪ নম্বরে।

























