আগামী বছর ঢাকায় আসছেন সৌদি যুবরাজ

- আপডেট সময় : ০৭:০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / 224
আগামী বছর সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় সৌদি দূতাবাসে ৯৩তম সৌদি জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
আল-দুহাইলান বলেন, বাংলাদেশ ‘আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান’ রেখেছে। এ দেশের স্থিতিশীল সরকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে সম্পর্কটি আরও বেড়েছে। আগামী বছর দূতাবাস ক্রাউন প্রিন্সকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে-ইনশাআল্লাহ।
সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, ইতোমধ্যে বাংলাদেশে সৌদি কোম্পানির উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সুবিধা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর আগে হজ উপলক্ষে পবিত্র মক্কায় এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বলেছিলেন, সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সর্বাত্মক সহযোগিতা দিতে সর্বদা আগ্রহী।
সৌদি দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
























