নেতৃত্ব ছাড়ছেন বাবর!

- আপডেট সময় : ০৮:৩১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / 189
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শেষ ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। এ ম্যাচে শুধু জয় পেলেই চলবে না মেলাতে হবে অসম্ভব সমীকরণও। যদি শেষ পর্যন্ত পাকিস্তান মেলাতে সক্ষম হয় তবেই মিলবে সেমিফাইনালের টিকিট। সেই সঙ্গে কপাল পুড়বে নিউজিল্যান্ডের।
তবে বাস্তব দৃষ্টি এ সমীকরণ মেলানো কখনোই সম্ভব নয়। তবে চেষ্টা করতে তো দোষ নেই। তার আগে অবশ্য টস ভাগ্যে জিততে হবে পাকিস্তানকে। তারপর ম্যাচটি জিততে হবে অন্তত ২৮৭ রানে। না হলে সবচেষ্টাই বৃথা যাবে।
সেমিফাইনালের টিকিট নিশ্চিতে এমন যখন সমীকরণ তখন জোর গুঞ্জন নেতৃত্ব ছাড়তে যাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি নাকি আর পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে চাইছেন না।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, বাবর মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সাবেক ক্রিকেটারদের ব্যবহারে বিরক্ত হয়ে নেতৃত্ব ছাড়তে চাইছেন। তবে সমীকরণ মিলিয়ে যদি পাকিস্তান সেমিফাইনালের টিকিট কাটে এবং শেষ পর্যন্ত ফাইনালে যায় তাহলে সে পর্যন্ত নেতৃত্বে থাকবেন তিনি। তবে বিশ্বকাপ পরবর্তী সময়ে নেতৃত্ব ছাড়ার বিষয়ে দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন তিনি।
শুক্রবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কলকাতায় অনুশীলনের সময় সাবেক পিসিবি প্রধান ও বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার রামিজ রাজার সঙ্গে অনেক ক্ষণ কথা বলতে দেখা গিয়েছে বাবরকে।
যদিও বাবর নেতৃত্ব ছাড়ার আগে নিজের বাবার সঙ্গে কথা বলতে চান। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। কেননা তার ক্রিকেটার হওয়ার পেছনে বাবার অবদান অনস্বীকার্য। যদিও পিসিবি বিশ্বকাপের পর বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার কথাও ভাবছিল বলে গুঞ্জন। তাই বাবর যদি নেতৃত্ব নাও ছাড়েন, তাহলেও অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে তাকে।
এবারের বিশ্বকাপে প্রত্যাশা মাফিক খেলতে পারেনি ম্যান ইন গ্রিনরা। ব্যাট হাতেও তেমন ভূমিকা রাখতে পারেননি অধিনায়ক বাবর। বিশ্বকাপের মাঝেই তিনি হারিয়েছেন ওয়ানডের সেরা ব্যাটারের তকমা।
এ বারের বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান। তৃতীয় ম্যাচে এসে ভারতের বিপক্ষে হার, এরপর টানা আরও চারটি ম্যাচে হারের স্বাদ পান তারা। শেষ দু’টি ম্যাচে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে ফেরে পাকিস্তান। কিন্তু কিউইদের থেকে রানরেটে অনেকট পিছিয়ে বাবর-রিজওয়ানরা। সেটা এতটাই যে যে, সেমিফাইনালে উঠতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে তাদের।


























